ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০২:১৫ পিএম
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের বার্ষিক `গুগল আইও` সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত করেছে। আগামী ১৯ ও ২০ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউর শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ডেভেলপার এবং প্রযুক্তিপ্রেমীদের মধ্যে এই আয়োজন নিয়ে প্রতিবারই ব্যাপক কৌতূহল থাকে।
সেই ধারাবাহিকতায় সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সম্মেলনের এই সময়সূচি ঘোষণা করেছে টেক জায়ান্ট গুগল।সম্মেলনের মূল আকর্ষণ হিসেবে উদ্বোধনী দিনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এবং গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস।
এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সেশনে গুগলের শীর্ষ কর্মকর্তারা ভবিষ্যৎ প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন। এবারের আসরে বিশেষ গুরুত্ব পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি।
ধারণা করা হচ্ছে গুগলের আলোচিত চ্যাটবট জেমিনির নতুন সংস্করণ এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী হালনাগাদ নিয়ে বড় ধরনের ঘোষণা আসতে পারে। এছাড়া বেশ কিছু নতুন হার্ডওয়্যার পণ্য প্রদর্শনের সম্ভাবনাও রয়েছে।প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রোগ্রামার ও ডেভেলপারদের জন্য এই সম্মেলনটি ভার্চুয়ালি উপভোগ করার সুযোগ থাকছে।
উদ্বোধনী অনুষ্ঠানসহ কারিগরি বিষয় নিয়ে গুগলের বিশেষ সেশনগুলো অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে। ভবিষ্যৎ প্রযুক্তির গতিপ্রকৃতি বুঝতে এবং নতুন সফটওয়্যার ফিচারের প্রাথমিক ধারণা পেতে সারা বিশ্বের প্রযুক্তিবিদরা এই সম্মেলনের দিকে তাকিয়ে থাকেন। গুগল মূলত এই প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের আগামীর পরিকল্পনার একটি রূপরেখা তুলে ধরে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন