বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মেসেঞ্জার ব্যবহারে বড় পরিবর্তন: মেটার নতুন সিদ্ধান্ত

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:০৯ পিএম

মেসেঞ্জার ব্যবহারে বড় পরিবর্তন: মেটার নতুন সিদ্ধান্ত

মেসেঞ্জারের নতুন আপডেট

জনপ্রিয় বার্তা আদান-প্রদান মাধ্যম মেসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনছে এর মূল প্রতিষ্ঠান মেটা। আগামী এপ্রিল ২০২৬ থেকে মেসেঞ্জার ডটকম ওয়েবসাইটটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে ব্রাউজার থেকে সরাসরি এই ঠিকানায় প্রবেশ করে স্বতন্ত্রভাবে মেসেঞ্জার ব্যবহারের সুযোগ আর থাকছে না। 

ইতিপূর্বে উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য মেসেঞ্জারের আলাদা ডেস্কটপ অ্যাপটি বন্ধ করার পর এবার ওয়েব সংস্করণ নিয়েও এমন কঠোর সিদ্ধান্ত নিল মেটা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ৬ এপ্রিল থেকে কোনো ব্যবহারকারী মেসেঞ্জার ডটকম ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে তাকে স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের মূল ওয়েবসাইটের মেসেজ পেজে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্যক্তিগত বা পেশাদার যোগাযোগ চালিয়ে যেতে হলে এখন থেকে ফেসবুকের মূল সাইটটিই ব্যবহার করতে হবে। 

তবে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর হলো, অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের মোবাইল অ্যাপে মেসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না এবং সেখানে সেবাটি আগের মতোই সচল থাকবে।মেটার এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে পারেন তারা যারা ফেসবুক অ্যাকাউন্ট সক্রিয় না রেখে কেবল মেসেঞ্জার ডটকম ব্যবহার করতেন। এখন থেকে ব্রাউজারে চ্যাট বা তথ্য আদান-প্রদান করতে হলে ফেসবুকে লগইন করা বাধ্যতামূলক হয়ে পড়বে। ছোট ব্যবসায়ী, কমিউনিটি গ্রুপ এবং যারা কাজের সুবিধার্থে ব্রাউজারে আলাদা ট্যাবে মেসেঞ্জার খুলে রাখতেন, তাদের এখন ফেসবুকের মূল ডেস্কটপ সংস্করণের ভেতরেই চ্যাট করতে হবে। 

মেটার এই পদক্ষেপকে তাদের পরিষেবাসমূহকে একটি বৃহত্তর একীভূতকরণের আওতায় নিয়ে আসার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।স্মরণ করা যেতে পারে, ২০১১ সালে ফেসবুক থেকে আলাদা অ্যাপ হিসেবে মেসেঞ্জার যাত্রা শুরু করেছিল। দ্রুত জনপ্রিয়তা পেয়ে এটি বিশ্বের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যমে পরিণত হয়। গত বছর ডেস্কটপ অ্যাপ বন্ধের পর এবার ওয়েব সংস্করণ বন্ধের মাধ্যমে মেটা তাদের পুরো ইকোসিস্টেমকে একটি কেন্দ্রীয় কাঠামোর অধীনে নিয়ে আসছে। যারা নিয়মিত কম্পিউটারে বা ব্রাউজারে মেসেঞ্জার ব্যবহার করেন, তাদের এখন থেকেই ফেসবুকের লগইন তথ্য প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পরিবর্তন কার্যকর হওয়ার পর যোগাযোগ প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত না ঘটে।