রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাজারে আসার আগেই উন্মোচিত হলো samsung galaxy a57

তথ্যপ্রযুক্তি ডেস্ক

মার্চ ১২, ২০২৬, ০১:১০ পিএম

বাজারে আসার আগেই উন্মোচিত হলো samsung galaxy a57

নতুন গ্যালাক্সি এ৫৭

স্যামসাংয়ের বহুল প্রতীক্ষিত স্মার্টফোন গ্যালাক্সি এ৫৭ বাজারে আসার আগেই এর বিস্তারিত তথ্য ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেছে। ইউরোপের একটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ভুলবশত তাদের ওয়েবসাইটে ফোনটি তালিকাভুক্ত করায় এর ডিজাইন ও অভ্যন্তরীণ সব ফিচার এখন প্রযুক্তি বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে চলতি মাসের শেষ নাগাদ গ্যালাক্সি এ৩৭ এর সঙ্গে ফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে পারে দক্ষিণ কোরীয় এই টেক জায়ান্ট। 

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী নতুন এই স্মার্টফোনটিতে নান্দনিক ডিজাইনের পাশাপাশি শক্তিশালী হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে যা মধ্যম বাজেটের গ্রাহকদের আকৃষ্ট করবে।

প্রযুক্তিগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে গ্যালাক্সি এ৫৭ ফোনে থাকছে ৬.৬ ইঞ্চির একটি বিশাল ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড স্ক্রিন যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। স্মার্টফোনটির কার্যক্ষমতা নিশ্চিত করতে এতে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ১৬৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী ৬, ৮ অথবা ১২ জিবি র‍্যামের ভিন্ন ভিন্ন সংস্করণ বেছে নিতে পারবেন। 

স্টোরেজের ক্ষেত্রেও থাকছে ১২৮ ও ২৫৬ জিবির সুবিধা। উন্নতমানের ছবি ও ভিডিওগ্রাফির জন্য এর পেছনে তিনটি ক্যামেরা সেন্সর থাকছে যার প্রধান লেন্সটি হবে ৫০ মেগাপিক্সেলের। এছাড়া ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং ৫ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা যুক্ত করা হয়েছে। সেলফি প্রেমীদের জন্য ফোনের সামনে দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।দীর্ঘ সময় ব্যাকআপ নিশ্চিত করতে ফোনটিতে ৫০০০ এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে যা ৪৫ ওয়াটের দ্রুততম চার্জিং প্রযুক্তি সমর্থন করবে।

সফটওয়্যারের ক্ষেত্রে এতে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক স্যামসাংয়ের নতুন ওয়ান ইউআই ৮.৫ ইন্টারফেস ব্যবহার করা হয়েছে। যদিও স্যামসাং এখনো আনুষ্ঠানিকভাবে এই ফোনের দাম বা বাংলাদেশে আসার সুনির্দিষ্ট সময় সম্পর্কে কিছু জানায়নি তবে ইউরোপের বাজারে তালিকাভুক্ত হওয়া থেকে ধারণা করা হচ্ছে বিশ্ববাজারে খুব শীঘ্রই ফোনটি অবমুক্ত হবে। প্রযুক্তিনির্ভর ক্রেতাদের জন্য উন্নত ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারির এই সমন্বয় বাজেট স্মার্টফোনের বাজারে স্যামসাংকে আরও একধাপ এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে।