মে ২, ২০২৬, ০৫:৪৩ পিএম
গুগল ট্রান্সলেট তাদের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে নতুন একটি আপডেট নিয়ে এসেছে। এখন থেকে কেবল লিখিত অনুবাদই নয়, বিদেশি ভাষা নির্ভুলভাবে বলতেও সাহায্য করবে এই প্ল্যাটফর্মটি। নতুন এই এআই চালিত ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি তাঁদের উচ্চারণের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা ফিডব্যাক পাবেন।
গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের কাছ থেকে সবচেয়ে বেশি অনুরোধ আসা ফিচারগুলোর মধ্যে এটি অন্যতম। এর মাধ্যমে অনুবাদ করা বাক্যগুলো সঠিকভাবে উচ্চারণ করার অনুশীলন করা যাবে। নতুন এই সংযোজন গুগল ট্রান্সলেটকে কেবল একটি অভিধান নয়, বরং ভাষা শেখার শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি বিষয়ক এই ফিচারটি ব্যবহারের জন্য গুগল ট্রান্সলেটে কোনো শব্দ বা বাক্য লেখার পর নিচে একটি ‘প্র্যাকটিস’ বাটন দেখা যাবে। প্রথমে বাটনটিতে ট্যাপ করে সঠিক উচ্চারণটি শুনে নিতে হবে। এরপর ফোনের মাইক্রোফোন ব্যবহার করে ব্যবহারকারী নিজে সেটি উচ্চারণ করবেন।
গুগলের এআই সিস্টেম কণ্ঠস্বর বিশ্লেষণ করে জানিয়ে দেবে উচ্চারণ কতটা সঠিক হয়েছে। যদি কোনো ভুল থাকে, তবে কোন জায়গাটি উন্নতি করতে হবে তাও চিহ্নিত করে দেওয়া হবে।ফিচারটি বর্তমানে কেবল অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহারের সুযোগ রয়েছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও ভারত থেকে এই সুবিধা পাওয়া যাবে। বর্তমানে ইংরেজি, হিন্দি ও স্প্যানিশ—এই তিনটি ভাষার ক্ষেত্রে উচ্চারণ অনুশীলনের সুযোগ থাকছে। তবে খুব দ্রুতই আইফোন ব্যবহারকারীদের জন্য এবং অন্যান্য ভাষার ক্ষেত্রে এই ফিচারটি উন্মুক্ত করা হতে পারে।
২০০৬ সালের এপ্রিলে মাত্র কয়েকটি ভাষা নিয়ে যাত্রা শুরু করেছিল গুগল ট্রান্সলেট। বর্তমানে এটি প্রায় ২৫০টি ভাষা সমর্থন করে। প্রতি মাসে সারা বিশ্বে প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ এই অ্যাপটি ব্যবহার করছেন। দীর্ঘ ২০ বছরের বিবর্তনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে প্ল্যাটফর্মটিকে আরও জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে গুগল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন