রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হঠাৎ বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, কারণ জানাল হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

আগস্ট ৬, ২০২৬, ১১:৩৭ এএম

হঠাৎ বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, কারণ জানাল হোয়াটসঅ্যাপ

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের অসংখ্য ব্যবহারকারীর অ্যাকাউন্ট হঠাৎ করেই চব্বিশ ঘণ্টার জন্য পর্যালোচনাধীন বা আন্ডার রিভিউ অবস্থায় রাখা হয়েছে। গত সোমবার রাত প্রায় আটটা থেকে পূর্ব সতর্কতা ছাড়াই এই প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। এতে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর সব ধরনের ফিচার সাময়িকভাবে বন্ধ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী।

বার্তায় বলা হয় যে ব্যবহারকারীর অ্যাকাউন্টের কার্যক্রম ও ডিভাইসের তথ্য পরিষেবার শর্তাবলি অনুযায়ী যাচাই করা হচ্ছে এবং চব্বিশ ঘণ্টার মধ্যেই ফল জানিয়ে দেওয়া হবে।এই বিভ্রান্তির বিষয়ে হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র জানিয়েছেন যে তারা সব সময় সেবার অপব্যবহার ঠেকাতে কাজ করেন। অন্যান্য ব্যবহারকারীদের নিরাপদ রাখতে প্রয়োজনে কোনো অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা দেওয়া হয় বলেও জানান তিনি। তবে কখনও কখনও ভুলবশত এমন সিদ্ধান্ত হতে পারে বলে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে। সে ক্ষেত্রে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করে ব্যবহারকারীদের আবার চ্যাটে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

রিভিউ পেজে ব্যবহারকারীদের জন্য কীভাবে দায়িত্বশীলতার সঙ্গে অ্যাপটি ব্যবহার করবেন এবং চুরি হওয়া ফোন ও অ্যাকাউন্ট সম্পর্কে সহায়তামূলক তথ্যও দেখানো হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে কোনো কারণ ছাড়াই তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। অনেকেই জানিয়েছেন যে তাদের দৈনন্দিন কাজ পুরোপুরি হোয়াটসঅ্যাপের ওপর নির্ভরশীল হওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

ঠিক কতটি অ্যাকাউন্ট এই সমস্যায় আক্রান্ত হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এর পেছনে কোনো প্রযুক্তিগত ত্রুটি নাকি স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা কাজ করেছে, সেটিও স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি। তবে ভুলবশত প্রভাবিত হওয়া অ্যাকাউন্টগুলো দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।