বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

কনটেন্ট নির্মাতাদের আয়ের ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে সামাজিকমাধ্যম এক্স

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৫, ২০২৬, ১২:৫৯ পিএম

কনটেন্ট নির্মাতাদের আয়ের ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে সামাজিকমাধ্যম এক্স

ছবি : সংগৃহীত

কনটেন্ট নির্মাতাদের আয়ের ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। পুরনো ‘ক্রিয়েটর আর্নিংস’ কর্মসূচি বাতিল করে এর পরিবর্তে ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ নামে নতুন একটি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।আগামী ৮ সেপ্টেম্বর থেকে এই নতুন কর্মসূচিতে আবেদন করা যাবে।

এক্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পদ্ধতিতে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আয় করার সুযোগ থাকবে। নতুন এই ব্যবস্থায় অংশ নিতে ব্যবহারকারীকে অবশ্যই এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশনের আওতাভুক্ত হতে হবে। পাশাপাশি অন্তত পাঁচশ যাচাইকৃত ফলোয়ার এবং গত নব্বই দিনে যাচাইকৃত ব্যবহারকারীদের কাছ থেকে কমপক্ষে পাঁচ লাখ ভিউ অর্জনের শর্ত রাখা হয়েছে।মৌলিক ও সৃজনশীল কনটেন্ট তৈরিকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

নির্মাতার নিজের তৈরি ছবি, ভিডিও, প্রতিবেদন, বিশ্লেষণ এবং গ্রাফিকস নতুন এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে। তবে অন্যের কনটেন্টে সামান্য পরিবর্তন এনে পুনরায় প্রকাশ করা বা কারো পোস্ট কপি করার প্রবণতা রোধে কঠোর নিয়ম রাখা হয়েছে। এর মাধ্যমে প্ল্যাটফর্মে মানসম্মত ও মৌলিক কনটেন্ট তৈরির পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।