বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শর্ত পূরণ হলেই বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৬, ১০:৩০ এএম

শর্ত পূরণ হলেই বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল

শিক্ষার্থীদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার ব্যবহার আরও সহজ করতে এক বছরের জন্য বিনামূল্যে গুগল এআই প্রো ব্যবহারের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী সেমিস্টারকে সামনে রেখে শিক্ষার্থীদের পড়াশোনায় প্রযুক্তিগত সহায়তা করতেই এই বিশেষ অফার চালু করা হয়েছে।তবে দেশভেদে এই এআই সুবিধার ক্ষেত্রে কিছু কাঠামোগত পার্থক্য রয়েছে।

বিনামূল্যে এক বছরের গুগল এআই প্রো পেতে শিক্ষার্থীদের প্রথমে শিয়ারআইডি নামের একটি যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে নিজেদের সক্রিয় শিক্ষার্থী পরিচয় নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা সরাসরি এক বছর বিনামূল্যে গুগল এআই প্রো ব্যবহারের সুযোগ পাবেন, যার স্বাভাবিক মূল্য মাসে প্রায় বিশ ডলার। যুক্তরাষ্ট্রের বাইরের শিক্ষার্থীরাও এই দারুণ অফার থেকে পুরোপুরি বঞ্চিত হবেন না। তাদের জন্য এক বছরের গুগল এআই প্লাস বিনামূল্যে দেওয়া হচ্ছে, যার আওতায় চারশো জিবি ক্লাউড স্টোরেজ ও জেমিনি ওমনি ব্যবহারের সুযোগ থাকবে।

শুধু সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়াই নয়, শিক্ষার্থীদের পড়াশোনার কাজে জেমিনিকে আরও কার্যকর করে তুলতে নতুন স্টুডেন্ট হাব যুক্ত করেছে গুগল। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ক্লাসের নোট ও সিলেবাস আপলোড করলে, জেমিনি তা বিশ্লেষণ করে ব্যক্তিগত পড়ার নোট এবং কুইজ তৈরি করে দিতে পারবে। গুগলের এই বিশেষ অফারটি আগামী ২০২৬ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত গ্রহণ করার সুযোগ থাকছে।