সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৪:৩০ পিএম
ইন্টারনেটের আদি ও সরল সমঝোতা ছিল সহজ—প্রকাশকেরা গুগলকে কনটেন্ট ক্রল করার সুযোগ দেবে, আর গুগল সেই কনটেন্টের পাঠক পাঠাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশনের মাধ্যমে সেই ট্রাফিক টিকিয়ে রাখত সংবাদমাধ্যমসহ নানা ধরনের অনলাইন সেবা। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সার্চের ব্যাপক বিস্তারে সেই পুরোনো ব্যবস্থা এখন বড় পরিবর্তনের মুখে পড়েছে। ডেইলি সাবাহতে প্রকাশিত এক নিবন্ধে এই কাঠামোগত সংকটের কথা তুলে ধরা হয়েছে।
সার্চ পেজেই উত্তর মিলে যাওয়ায় কমছে বাইরের ওয়েবসাইটের ট্রাফিক। গুগলের এআই ওভারভিউ এখন ব্যবহারকারীর প্রশ্নের উত্তর সরাসরি ওয়েবসাইটে পাঠানোর আগেই সারাংশ আকারে হাজির করছে। ফলে কোনো তথ্য জানতে ব্যবহারকারীকে আর সংশ্লিষ্ট ওয়েবসাইটে ঢুকতে হয় না। নতুন এআই মোড কথোপকথনধর্মী অনুসন্ধান এবং তথ্যের সমন্বয় একই প্ল্যাটফর্মে এনে দিচ্ছে।গত বছরের শেষ নাগাদ বিভিন্ন সংবাদ ওয়েবসাইটে গুগল সার্চ থেকে আসা ট্রাফিক প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে।
যুক্তরাষ্ট্রের প্রকাশকদের ক্ষেত্রে এই পতন প্রায় ৩৮ শতাংশ পর্যন্ত পৌঁছায়। স্পার্কটোরোর হিসাব বলছে, ২০২৬ সালে গুগলের প্রায় ৬৮ শতাংশ সার্চ এমন পর্যায়ে শেষ হচ্ছে যেখানে ব্যবহারকারী কোনো বাইরের ওয়েবসাইটে ক্লিক করছেন না। অথচ ২০১৯ সালে এই হার ছিল মাত্র ৪৯ শতাংশ। এ ধরনের ‘জিরো-ক্লিক সার্চ’-এর কারণে ছোট ও মাঝারি সংবাদমাধ্যম সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে। বড় সংবাদ ব্র্যান্ডগুলোর সরাসরি অনুসারী বা সাবস্ক্রাইবার থাকলেও স্থানীয় ভাষার সংবাদমাধ্যমগুলো সার্চ ইঞ্জিনের ওপর নির্ভরশীল।
গুগল অবশ্য দাবি করছে যে এআই ওভারভিউ ও এআই মোড ওয়েবসাইটের লিংককে আরও দৃশ্যমান করার চেষ্টা করছে। তবে শুধু লিংক দেখানো আর বাস্তবে পাঠক পাঠানোর মধ্যে বড় ফারক রয়েছে। ইউরোপীয় কমিশন ইতিমধ্যে গুগলের এআই সার্চে প্রকাশকদের কনটেন্ট ব্যবহারের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ৩১ আগস্ট থেকে গুগল প্রকাশকদের জন্য এআই ফিচারে কনটেন্ট বন্ধের সুযোগ রাখলেও, শর্ত হিসেবে ট্রাফিক বা ইমপ্রেশনও বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই পরিবর্তন কেবল প্রযুক্তি কোম্পানি ও সংবাদমাধ্যমের বিরোধ নয়; এটি ডিজিটাল অর্থনীতির প্রশ্ন।
আগামী দিনে যদি ওয়েবসাইটগুলো তথ্য তৈরি করতে থাকে কিন্তু তার অর্থনৈতিক সুবিধা প্রধানত এআই প্ল্যাটফর্মগুলো পায়, তবে স্বাধীন কনটেন্ট সৃষ্টির প্রণোদনা কমে যেতে পারে। অনুসন্ধানী সাংবাদিকতা কিংবা স্থানীয় সংবাদের মতো দীর্ঘমেয়াদি কাজের জন্য এটি বড় চ্যালেঞ্জ। ওপেন ওয়েবের ভবিষ্যৎ বাঁচাতে প্রকাশক ও প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে নতুন কাঠামো তৈরি করা প্রয়োজন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন