সেপ্টেম্বর ৯, ২০২৬, ০১:০৪ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন পুরোনো দিনের ফ্যাশন আর ছবির ছোঁয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বর্তমান সময়ের ছবিকে ১৯৮০-এর দশকের রূপ দেওয়া নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে।
স্মার্টফোনে তোলা সাধারণ ছবি মুহূর্তেই পেয়ে যাচ্ছে কয়েক দশক আগের স্টুডিও ক্যামেরার আবহ। আশির দশকের বৈশিষ্ট্য ছিল বড় ও ভলিউমযুক্ত চুল, উজ্জ্বল মেকআপ, স্টেটমেন্ট গয়না এবং কনট্রাস্ট রঙের পোশাক। বর্তমান প্রযুক্তি ব্যবহার করে ছবির আলো, ব্যাকগ্রাউন্ড, রং এবং দানাদার ফিল্ম টেক্সচারেও সেই সময়কে ফুটিয়ে তোলা হচ্ছে।

পদ্ধতিটি বেশ সহজ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ছবি তৈরির যেকোনো টুলে নিজের স্পষ্ট ছবি আপলোড করতে হবে। এরপর নির্দেশনায় বিস্তারিত লিখতে হয়। যেমন ছবিটিকে ১৯৮০-এর দশকের একটি বাস্তবসম্মত পোর্ট্রেটে রূপান্তরের কথা বলা যেতে পারে। সেখানে ব্যক্তির মুখের বৈশিষ্ট্য, পরিচয়, বয়স ও স্বাভাবিক অভিব্যক্তি অপরিবর্তিত রাখার নির্দেশ দিতে হয়। পাশাপাশি ৩৫ মিলিমিটার ফিল্মের সূক্ষ্ম দানা, উষ্ণ রং, নরম ফ্ল্যাশ ও স্বাভাবিক ছায়া যোগ করার কথা লিখলে তা অবিকল পুরোনো ছবির মতো দেখায়।

দেশীয় আবহ চাইলে নির্দেশনায় বাংলাদেশের আশির দশকের ফ্যাশন, পুরোনো ঢাকার রাস্তা, সে সময়ের কাঠের আসবাব বা পুরোনো টেলিফোনের কথা উল্লেখ করা যায়। চুলে ওয়েভি ভাব বা পোশাকে বড় কলার ও বেল্টের ব্যবহার ছবিকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে।
এআইয়ের বর্তমান সক্ষমতায় শুধু ছবির রং নয়, একটি নির্দিষ্ট সময়ের ফটোগ্রাফির পুরো ধরনই নিখুঁতভাবে তৈরি করা সম্ভব হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন