সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০২:১৩ পিএম
কভিড-১৯ ও মার্কিন নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর কারণে পূর্বে নিষিদ্ধ করা কন্টেন্ট নির্মাতাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। মঙ্গলবার রিপাবলিকান কংগ্রেস সদস্য জিম জর্ডানকে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানিয়েছে মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।
অ্যালফাবেট তাদের চিঠিতে জানিয়েছে, মুক্ত মতপ্রকাশের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই নির্মাতাদের ফিরিয়ে আনা হচ্ছে। তারা আরও উল্লেখ করে যে, ইউটিউব প্ল্যাটফর্মে রক্ষণশীল কণ্ঠস্বরকে মূল্য দেয়, যারা গণতান্ত্রিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে কারা কবে ফিরবেন, তা এখনো স্পষ্ট নয়। মার্কিন গণমাধ্যম বলছে, এফবিআইর সাবেক কর্মকর্তা ড্যান বংগিনো, হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা সেবাস্টিয়ান গোরকা ও পডকাস্টার স্টিভ ব্যাননের মতো বেশ কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্বকে আগে নিষিদ্ধ করা হয়েছিল।
অ্যালফাবেট অভিযোগ করেছে, বাইডেন প্রশাসন তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপে চাপ সৃষ্টি করেছিল। হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তারা বারবার এমন কিছু কন্টেন্ট অপসারণের দাবি জানিয়েছিলেন, যা কোম্পানির নীতি ভঙ্গ করেনি।
কংগ্রেসম্যান জিম জর্ডান এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, তাদের প্রচেষ্টার ফলে ইউটিউব রাজনৈতিক বক্তব্যে সেন্সরশিপ শিথিল করছে। তিনি বলেন, “আমেরিকানদের আর বলা হবে না, কী বিশ্বাস করতে হবে আর কী নয়।
” চিঠিতে অ্যালফাবেট স্পষ্ট করে জানায়, ইউটিউব ফ্যাক্ট-চেকারদের কোনো কন্টেন্ট সরানোর বা লেবেল করার ক্ষমতা দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন