অক্টোবর ২৯, ২০২৫, ১১:১১ পিএম
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। সহজে বার্তা, ছবি বা ভিডিও আদান-প্রদানের সুবিধার কারণে এই অ্যাপের জনপ্রিয়তা আকাশচুম্বী। হোয়াটসঅ্যাপে কেউ বার্তা পাঠালে এবং প্রাপক সেটি পড়লে, প্রেরক বার্তার নিচে দুটি নীল রঙের টিক চিহ্ন দেখতে পান, যা 'ব্লু টিক' বা 'রিড রিসিপ্ট' নামে পরিচিত।তবে অনেক সময় ব্যবহারকারীরা চান, তারা বার্তা পড়লেও প্রেরক যেন তা জানতে না পারেন। অর্থাৎ, ব্লু টিক প্রদর্শিত না হোক। এর জন্য হোয়াটসঅ্যাপে 'রিড রিসিপ্ট' বন্ধ করার অপশন রয়েছে।
কিন্তু এতে একটি সমস্যা হলো, এই সুবিধাটি বন্ধ রাখলে ব্যবহারকারী নিজেও অন্য কারো পাঠানো বার্তা পড়া হয়েছে কিনা, তা দেখতে পান না। এতে অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। বারবার সেটিংস পরিবর্তন করাটাও বেশ ঝামেলার।কিন্তু একটি সহজ কৌশল অবলম্বন করলে হোয়াটসঅ্যাপ অ্যাপ না খুলেই এবং ব্লু টিক প্রদর্শন না করিয়েই অন্যের পাঠানো বার্তা পড়ে ফেলা সম্ভব। এর জন্য স্মার্টফোনের হোমস্ক্রিনে হোয়াটসঅ্যাপের একটি উইজেট (Widget) যুক্ত করতে হবে।
উইজেট যুক্ত করার প্রক্রিয়াটি বেশ সহজ। অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোনের হোমস্ক্রিনের ফাঁকা জায়গায় আঙুল দিয়ে কিছুক্ষণ চেপে ধরলে ‘উইজেটস’ অপশন আসবে। সেখান থেকে হোয়াটসঅ্যাপের বিভিন্ন আকারের উইজেট দেখা যাবে। সাধারণত ‘৪ বাই ২’ ফরম্যাটের উইজেটটি মেসেজ দেখার জন্য সুবিধাজনক। পছন্দের উইজেটটি নির্বাচন করে হোমস্ক্রিনে টেনে এনে বসাতে হবে।
হোমস্ক্রিনে যুক্ত হওয়ার পর উইজেটটি একটি ছোট উইন্ডোর মতো দেখাবে। যখনই হোয়াটসঅ্যাপে কোনো নতুন বার্তা আসবে, সেটি স্বয়ংক্রিয়ভাবে এই উইজেটে প্রদর্শিত হবে। ব্যবহারকারী অ্যাপ না খুলেই উইজেট থেকে বার্তাটি পড়তে পারবেন। বার্তা যদি বেশি দীর্ঘ হয়, তবে উইজেটের ভেতরেই স্ক্রল করে সম্পূর্ণ বার্তাটি পড়ে ফেলা সম্ভব।
এই উইজেট ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো, এভাবে বার্তা পড়লে প্রেরকের কাছে কোনো ব্লু টিক যাবে না। অর্থাৎ, আপনি বার্তাটি পড়ে ফেললেও প্রেরক তা বুঝতে পারবেন না। যারা নিজেদের অনলাইন প্রাইভেসি বা গোপনীয়তা বজায় রাখতে চান অথবা বারবার ব্লু টিক অপশন চালু বা বন্ধ করার ঝামেলা থেকে মুক্তি চান, তাদের জন্য এই উইজেট কৌশলটি অত্যন্ত কার্যকর হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন