রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গুগলের জেমিনাই এখন প্রেজেন্টেশন বানিয়ে দেবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ১১:২১ পিএম

গুগলের জেমিনাই এখন প্রেজেন্টেশন বানিয়ে দেবে

টেক জায়ান্ট গুগল তাদের জনপ্রিয় এআই চ্যাটবট অ্যাপের ইন্টারঅ্যাকটিভ ওয়ার্কস্পেস ‘জেমিনাই ক্যানভাস’-এ (Gemini Canvas) একটি যুগান্তকারী নতুন ফিচার যুক্ত করেছে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা এখন থেকে শুধু একটি টেক্সট প্রম্পট বা লিখিত নির্দেশনা দিয়েই স্বয়ংক্রিয়ভাবে পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারবেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই নতুন সুবিধাটি মূলত শিক্ষার্থী, গবেষক এবং বিভিন্ন পেশাজীবীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যাদের নিয়মিত প্রেজেন্টেশন স্লাইড বা রিপোর্ট তৈরি করার প্রয়োজন হয়। গুগলের এই নতুন ফিচারে ব্যবহারকারীরা চাইলে কেবল একটি প্রম্পট বা কমান্ড লিখে স্লাইড তৈরি করতে পারবেন, অথবা নির্দিষ্ট কোনো ফাইল আপলোড করেও সেই ফাইলের তথ্যের ভিত্তিতে প্রেজেন্টেশন বানানো সম্ভব হবে।

ব্যবহারকারীরা তাদের গুগল ড্রাইভ থেকে ডকুমেন্ট, স্প্রেডশিট বা কোনো রিসার্চ পেপার আপলোড করে জেমিনাইকে সেই ফাইলের বিষয়বস্তুর ওপর ভিত্তি করে একটি প্রেজেন্টেশন তৈরি করতে বলতে পারবেন। যদি ব্যবহারকারীর কাছে কোনো নির্দিষ্ট সোর্স ফাইল না থাকে, তাহলে শুধু একটি বিষয়ভিত্তিক কমান্ড দিলেই জেমিনাই ওয়েব থেকে তথ্য সংগ্রহ করে সম্পূর্ণ প্রেজেন্টেশনটি বানিয়ে দেবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি হওয়া এই স্লাইডগুলোতে স্বয়ংক্রিয়ভাবেই নির্ধারিত থিম, প্রাসঙ্গিক ছবি এবং প্রয়োজনীয় টেক্সট যুক্ত থাকবে। ব্যবহারকারীরা চাইলে জেমিনাই অ্যাপ থেকেই সরাসরি প্রেজেন্টেশনটি গুগল স্লাইডস-এ এক্সপোর্ট বা স্থানান্তর করতে পারবেন। গুগল স্লাইডসে নেওয়ার পর ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী স্লাইডগুলো সম্পাদনা করতে বা সহকর্মীদের সঙ্গে শেয়ার করে দলগতভাবেও কাজ চালিয়ে যেতে পারবেন।

গুগল জানিয়েছে, নতুন এই সুবিধাটি ধীরে ধীরে পার্সোনাল (ব্যক্তিগত) এবং গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট উভয় ধরনের ব্যবহারকারীদের জন্যই চালু করা হচ্ছে।উল্লেখ্য, গুগল চলতি বছরের মার্চ মাসে জেমিনাই ক্যানভাস ফিচারটি চালু করেছিল। প্রাথমিকভাবে এটি ব্যবহারকারীদের লেখা, কোড বা প্রম্পট শেয়ার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তা সম্পাদনা বা উন্নত করার কাজে ব্যবহৃত হতো। ব্যবহারকারীরা কোনো অ্যাপ, ওয়েবপেজ বা ইনফোগ্রাফিকের মতো প্রজেক্টের জন্য কোড বা প্রম্পট দিলে ক্যানভাস সেগুলোর একটি ভিজ্যুয়াল রিপ্রেজেন্টেশন বা নমুনা দেখাতে পারতো।

কিন্তু সর্বশেষ এই আপডেটের মাধ্যমে জেমিনাই এখন কেবল লেখা বা কোড সম্পাদনার সহকারী হিসেবেই সীমাবদ্ধ থাকছে না, বরং এটি একটি পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন তৈরির সহকারী হিসেবেও কাজ করবে। বিশ্লেষকরা মনে করছেন, এই সুবিধাটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।