রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে আকর্ষণীয় ফিচার, যে সুবিধা পাবে ব্যবহারকারীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ০৩:৫২ পিএম

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে আকর্ষণীয় ফিচার, যে সুবিধা পাবে ব্যবহারকারীরা

ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে নিয়মিতই নতুন নতুন ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার মেটা মালিকানাধীন এই অ্যাপটি তাদের চ্যাট ব্যাকআপ সিস্টেমে আরও উন্নত নিরাপত্তা সুরক্ষা যোগ করতে যাচ্ছে।শিগগিরই হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপের জন্য ‘পাস কি’ (Passkey) সাপোর্ট চালু করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ক্লাউডে সংরক্ষিত চ্যাট ব্যাকআপকে আরও নিরাপদভাবে এনক্রিপ্ট (Encrypt) করতে পারবেন এবং খুব সহজেই তা অ্যাক্সেস করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন ফিচারটি ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।পাস কি' মূলত একটি ডিজিটাল চাবি, যা প্রচলিত পাসওয়ার্ডের চেয়ে অনেক বেশি নিরাপদ ও ব্যবহারবান্ধব হিসেবে বিবেচিত হয়। এটি কোনো ওয়েব সার্ভারে সংরক্ষিত থাকে না। এর মাধ্যমে ব্যবহারকারী সহজেই ৪ সংখ্যার একটি পিন কোড, মুখের পরিচয় বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করে নিজের ডেটায় প্রবেশাধিকার পেতে পারেন।

হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানিয়েছে, ‘যেভাবে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত চ্যাট ও কল পাস কি দিয়ে সুরক্ষিত রাখছেন, এখন সেই একই সুরক্ষা সুবিধা থাকছে চ্যাট ব্যাকআপেও; যাতে আপনার ডেটা সবসময় নিরাপদ, সহজলভ্য এবং শুধু আপনার জন্যই সংরক্ষিত থাকে।’

উল্লেখ্য, শুরুর দিকে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ এনক্রিপটেড বা সুরক্ষিত ছিল না। পরবর্তীতে ২০২১ সালে ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়াতে ব্যাকআপ সুরক্ষায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করা হয়। তবে তখন ব্যবহারকারীদের সেই এনক্রিপ্টেড ব্যাকআপে প্রবেশ করতে হলে একটি পাসওয়ার্ড অথবা ৬৪ অক্ষরের একটি অত্যন্ত জটিল এনক্রিপশন কি মনে রাখতে হতো।

এই পুরনো পদ্ধতিতে একটি বড় সমস্যা ছিল। যদি কোনো ব্যবহারকারী সেই পাসওয়ার্ড বা ৬৪ অক্ষরের কি ভুলে যেতেন, তবে তার পক্ষে চ্যাট ব্যাকআপ পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়ত। নতুন 'পাস কি' ফিচারটি সেই জটিলতাই দূর করবে। এখন থেকে আর কোনো জটিল কোড বা পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না।