রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গুগলে দ্রুত তথ্য খুঁজে পাওয়ার ৭ সহজ কৌশল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ১০:৩৬ এএম

গুগলে দ্রুত তথ্য খুঁজে পাওয়ার ৭ সহজ কৌশল

গুগল বর্তমানে অনলাইনে যেকোনো তথ্য খুঁজে বের করার সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম। প্রতিদিন কোটি কোটি মানুষ এই সার্চ ইঞ্জিন ব্যবহার করলেও, অনেক সময়ই আমরা অপ্রাসঙ্গিক তথ্যের ভিড়ে হারিয়ে যাই অথবা কাঙ্ক্ষিত ফলাফলটি দ্রুত খুঁজে পাই না। তবে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গুগলে তথ্য খোঁজার সাধারণ কিছু সহজ কৌশল বা ট্রিকস মেনে চললে খুব দ্রুত এবং নির্ভুলভাবে প্রয়োজনীয় তথ্যটি খুঁজে পাওয়া সম্ভব।

এর মধ্যে সবচেয়ে কার্যকর একটি উপায় হলো নির্দিষ্ট কোনো বাক্য বা শব্দগুচ্ছ হুবহু খোঁজার জন্য সেটিকে উদ্ধৃতি চিহ্নের (“ ”) ভেতরে রাখা। উদাহরণস্বরূপ, ‘বেস্ট পিজ্জা ইন ঢাকা’ লিখে সার্চ করলে গুগল কেবল সেই নির্দিষ্ট বাক্যাংশটি যেসব ওয়েবসাইটে আছে, শুধু সেই ফলাফলগুলোই দেখাবে। এতে অপ্রাসঙ্গিক লিংক এড়িয়ে সরাসরি কাঙ্ক্ষিত তথ্যে পৌঁছানো যায়।

একইভাবে, কোনো সার্চের ফলাফল থেকে অপ্রাসঙ্গিক শব্দ বাদ দিতে চাইলে সেই শব্দটির আগে একটি মাইনাস (-) চিহ্ন ব্যবহার করতে হয়। যেমন, ‘অ্যাপল -ফ্রুট’ লিখে সার্চ করলে গুগল শুধু অ্যাপল নামক প্রতিষ্ঠানের তথ্যই দেখাবে, ফল আপেল সংক্রান্ত কোনো তথ্য ফলাফলে আসবে না।গুগলের মাধ্যমে খুব সহজেই যেকোনো শব্দের অর্থ জানা যায়। এর জন্য গুগল ট্র্যান্সলেট খোলারও প্রয়োজন নেই, শুধু সার্চবারে ‘Define:’ লিখে কাঙ্ক্ষিত শব্দটি লিখলেই গুগল সেই শব্দের অর্থ, উচ্চারণ ও ব্যবহার দেখিয়ে দেবে।

কখনো যদি কোনো বাক্যের পুরো অংশ মনে না থাকে, তবে যে অংশটি মনে নেই সেখানে একটি তারকা বা অ্যাস্টেরিক্স (*) চিহ্ন ব্যবহার করা যেতে পারে। যেমন, ‘বেস্ট * প্লেস ইন বাংলাদেশ’ লিখলে গুগল সেই ফাঁকা অংশটি নিজে থেকেই বিভিন্ন সম্ভাব্য শব্দ দিয়ে পূরণ করে ফলাফল প্রদর্শন করবে।তাৎক্ষণিক মুদ্রা বা পরিমাপের একক রূপান্তরের জন্যও গুগল সার্চ অত্যন্ত কার্যকর। যেমন, ‘১০০ মার্কিন ডলার টু টাকা’ বা ‘১০ কিলোমিটার টু মাইল’ লিখলেই গুগল সঙ্গে সঙ্গে ফলাফল দেখিয়ে দেয়।

নির্দিষ্ট ফ্লাইটের অবস্থা, স্থানীয় আবহাওয়া বা খেলার ফলাফলের জন্যও আলাদা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন পড়ে না, শুধু নির্দিষ্ট ফ্লাইটের নাম বা শহরের নাম লিখে সার্চ করলেই হয়।

আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের ভেতর থেকে তথ্য খোঁজা। এর জন্য সার্চবারে ‘site:সাইটের-নাম কাঙ্ক্ষিত-কি-ওয়ার্ড’ (যেমন: site:dinajpurtv.com কৃষি) লিখে সার্চ করতে হয়। এতে গুগল পুরো ওয়েব না ঘেঁটে শুধু ওই নির্দিষ্ট সাইটে থাকা তথ্যই খুঁজে বের করবে। এই ছোট কৌশলগুলো আয়ত্তে আনলে গুগল সার্চের অভিজ্ঞতা অনেক দ্রুত ও সহজ হয়ে ওঠে এবং প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া অনেক বেশি ঝামেলাবিহীন হয়।