নভেম্বর ৩, ২০২৫, ০১:৪৪ পিএম
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ জানিয়েছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটি জানিয়েছে, নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।আজ সোমবার (৩ নভেম্বর) আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নতুন টেলিকম পলিসির কারণে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে। এর ফলে, উদাহরণস্বরূপ, বর্তমানে যারা ৫০০ টাকার ইন্টারনেট সংযোগ ব্যবহার করছেন, তাদের খরচ ১০০ টাকা বেড়ে যাবে এবং যারা এক হাজার টাকার সংযোগ ব্যবহার করছেন, তাদের খরচ বাড়বে ২০০ টাকা।
আইএসপিএবি সভাপতি এই নতুন পলিসি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই টেলিকম পলিসি যদি অবিলম্বে সংশোধন করা না হয়, তাহলে বাংলাদেশ ‘ডিজিটালি শাটডাউন’ হয়ে যেতে পারে।মোহাম্মদ আমিনুল হাকিম আসন্ন জাতীয় নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে এই পলিসির বিষয়ে হস্তক্ষেপ করার এবং এটি সংশোধনের উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন