মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,

কালমেগির পর এবার ফিলিপাইনে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় ফাং-ওং

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ০৬:২৩ পিএম

কালমেগির পর এবার ফিলিপাইনে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় ফাং-ওং

দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়া টাইফুন কালমেগির আঘাতের পর এবার আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় ফাং-ওং  ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে।

কালমেগির আঘাতে ফিলিপাইনে কমপক্ষে ২০৪ জন এবং ভিয়েতনামে অন্তত ৫ জন নিহত হয়েছেন।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফাং-ওং ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার আগে সুপার টাইফুনে পরিণত হতে পারে এবং এর ব্যাস এতটাই বড় যে এটি পুরো ফিলিপাইনজুড়ে প্রভাব ফেলতে পারে।ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র আসন্ন ঝড়ের প্রভাবে দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

গত সপ্তাহের ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর আরও বিপর্যয়ের আশঙ্কায় দেশজুড়ে উদ্ধার অভিযান স্থগিত করে ব্যাপক সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সরকারি কর্মকর্তারা উপকূলীয় ও নিচু এলাকায় বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে চলে যেতে আহ্বান জানিয়েছেন।দুর্যোগ প্রতিরক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, কালমেগির আঘাতে ৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং উদ্ধারকর্মীরা এখনো ১০০ জনেরও বেশি নিখোঁজ ব্যক্তিকে খুঁজছেন।

ভিয়েতনামে ঝড়ে ৫ জন নিহত ও ৩ জন নিখোঁজ হয়েছেন। সেখানে প্রায় ২,৬০০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং ১৬ লাখের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। ভিয়েতনাম সরকার জানিয়েছে, ঝড় আঘাত হানার আগেই ৫ লাখ ৩৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। কালমেগি সর্বোচ্চ ৬০০ মিলিমিটার বৃষ্টিপাত ঘটিয়ে দুর্বল হয়ে কম্বোডিয়ায় প্রবেশ করে।

ইউনিভার্সিটি অ্যাট অ্যালবানি-এর বায়ুমণ্ডলবিজ্ঞান অধ্যাপক ক্রিস্টেন করবোশিয়েরো সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝড় আরও ঘন ঘন ও শক্তিশালী হচ্ছে। তিনি বলেন, সমুদ্রের তাপমাত্রা বাড়ার ফলে এই ঝড়গুলির ধ্বংসক্ষমতা আরও বেড়ে যাচ্ছে। ফিলিপাইন ও ভিয়েতনাম বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে দুটি।