বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনে সমর্থন জাতিসংঘের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৫, ০১:৫৭ পিএম

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনে সমর্থন জাতিসংঘের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ গঠনের প্রস্তাবে সমর্থন জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গাজা সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আনা একটি খসড়া প্রস্তাব পরিষদে পাস হয়েছে।

এই প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৩টি সদস্য দেশ ভোট দিয়েছে। তবে গাজার শাসক গোষ্ঠী হামাস এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে।বিবিসির খবরে বলা হয়েছে, গাজায় স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে ট্রাম্পের পরিকল্পনার আলোকে এই খসড়া প্রস্তাবটি ভোটাভুটিতে তোলা হয়।

যুক্তরাজ্য, ফ্রান্স এবং সোমালিয়াসহ তেরোটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কোনো সদস্য দেশ এই প্রস্তাবের বিরোধিতা করেনি। তবে, নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রস্তাবিত এই আন্তর্জাতিক বাহিনীতে সদস্য পাঠাতে একাধিক দেশ এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে, যদিও দেশগুলোর নাম এখনো প্রকাশ করা হয়নি।এই প্রস্তাব পাসের প্রতিক্রিয়ায় হামাস জানিয়েছে, এটি ফিলিস্তিনিদের অধিকারের দাবি পূরণ করে না। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, এই পরিকল্পনা গাজার ওপর একটি আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেওয়ার শামিল, যা ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ গোষ্ঠীগুলো কখনোই মেনে নেবে না।

জাতিসংঘে পাস হওয়া খসড়া প্রস্তাব অনুযায়ী, প্রস্তাবিত আইএসএফ-এর অন্যতম প্রধান দায়িত্ব হবে হামাসসহ গাজার অন্যান্য "অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর" অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা। পাশাপাশি, এই বাহিনীকে বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা এবং মানবিক সহায়তার রুটগুলো নিরাপদ রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। এর জন্য ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাসকে অবশ্যই অস্ত্র জমা দিতে হবে।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, আইএসএফ-এর মূল কাজ হবে "এলাকা সুরক্ষিত রাখা, গাজাকে সামরিকীকরণমুক্ত করা, সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা, অস্ত্র অপসারণ এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।" প্রস্তাবে আরও বলা হয়েছে, এই আন্তর্জাতিক বাহিনী ইসরাইল ও মিসরের সঙ্গে সমন্বয় করে তাদের কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে গাজায় হামাসের প্রভাবমুক্ত একটি নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের কথাও উল্লেখ করা হয়েছে।