বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যুদ্ধবিরতি লঙ্ঘনে গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৮০

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০৩:৪৮ পিএম

যুদ্ধবিরতি লঙ্ঘনে গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৮০

গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও থামছে না রক্তপাত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো ইসরাইলি বিমান হামলায় নতুন করে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় মোট ২৮০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

খান ইউনিসে আবাসিক ভবনে হামলা বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বে বানি সুহেইলা এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল।

ধ্বংসস্তূপ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।এর আগে বুধবারও গাজার বেশ কয়েকটি এলাকায় ইসরাইলি হামলায় ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৭ জন আহত হন।যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিসংখ্যান ফিলিস্তিনের বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী, সংগঠন এবং সরকারি সংস্থার তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইল ৩৯০ বারের বেশি এই চুক্তি লঙ্ঘন করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ১১ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে ২৮০ জন নিহত হওয়ার পাশাপাশি ৬৭২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।দীর্ঘ যুদ্ধের ভয়াবহতা উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। যুদ্ধবিরতির মধ্যেও নিয়মিত হামলা অব্যাহত থাকায় গাজার মানবিক পরিস্থিতি চরম সংকটের মুখে পড়েছে।