বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৯:০২ পিএম

হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে ভারত। বিচারিক ও অভ্যন্তরীণ আইনিপ্রক্রিয়ার অংশ হিসেবে বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটি।

বুধবার (২৬ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন,

"চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি (চিঠি) পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।"উল্লেখ্য, গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর মধ্যে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দুই দেশের মধ্যে সই হওয়া প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে তৃতীয়বারের মতো অনুরোধ জানিয়েছে।

চিঠিতে বলা হয়, বিস্তারিত বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন।এদিকে আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, নয়াদিল্লিকে দেওয়া চিঠির বিষয়ে এখনো কোনো জবাব আসেনি। তিনি বলেন, 'নোট ভারবাল' আমাদের মিশনের মাধ্যমে ওদের (ভারতের) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা।"