নভেম্বর ২৬, ২০২৫, ১১:২৫ পিএম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শাসন নিয়ে মন্তব্য করায় দেশটির প্রখ্যাত সাংবাদিক ফাতিহ আলতাইলিকে চার বছর দুই মাসের কারাদণ্ড দিয়েছে ইস্তাম্বুলের একটি আদালত। বুধবার তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি এই খবর নিশ্চিত করেছে।
গত জুনে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়া এই সাংবাদিকের ইউটিউব চ্যানেলে ১৫ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সাংবাদিক আলতাইলি এরদোয়ানের শাসন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি একটি জরিপের বরাত দিয়ে দাবি করেন যে, বেশিরভাগ তুর্কি নাগরিক প্রেসিডেন্ট এরদোয়ানের আজীবন ক্ষমতায় থাকার বিপক্ষে।
বিতর্কের জন্ম হয় যখন আলতাইলি অটোমান আমলের ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, তুর্কিরা কোনো শাসককে আর ক্ষমতায় দেখতে না চাইলে তাকে হত্যা করত বা ডুবিয়ে দিত। টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের আদালত প্রেসিডেন্টকে হুমকি দেওয়ার অভিযোগে আলতাইলিকে দোষী সাব্যস্ত করেছেন।
শুনানিতে আলতাইলি অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এরদোয়ানকে হুমকি দেওয়া তার উদ্দেশ্য ছিল না এবং তিনি সাজা থেকে খালাস চান।আলতাইলির আইনজীবী এবং তুর্কি বার অ্যাসোসিয়েশন ইউনিয়নের (টিবিবি) প্রধান এরিঞ্চ সাগকান আদালতের এই রায়কে 'সম্পূর্ণ অবৈধ' এবং 'মৌলিক স্বাধীনতার পরিপন্থি' বলে অভিহিত করেছেন। তিনি জানান, তার মক্কেল এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন