ডিসেম্বর ৬, ২০২৫, ১১:০৫ এএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার দুদিনের ভারত সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছয়টি বিশেষ উপহার দিয়েছেন। এই তালিকায় দেশের বিভিন্ন প্রান্তের বিখ্যাত ও ঐতিহ্যবাহী সামগ্রী স্থান পেয়েছে, যা ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরে।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলন উপলক্ষে পুতিন দু'দিনের সফরে ভারতে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে মোদি নিজে তাকে স্বাগত জানাতে যান।
পুতিনের হাতে মোদি তুলে দেওয়া উপহারগুলোর মধ্যে অন্যতম হলো রুশ ভাষায় অনুবাদ করা একটি ভগবদ গীতার অনুলিপি।
এই গ্রন্থে মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে কথোপকথন হয়েছিল, তা লিপিবদ্ধ রয়েছে। এই উপহারটির মাধ্যমে দুই দেশের মধ্যে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও পুতিনকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তৈরি একটি রুপার টি-সেট উপহার দিয়েছেন মোদি। এই উপহারের মাধ্যমে পশ্চিমবঙ্গের শিল্প ও সংস্কৃতির ছোঁয়া তুলে ধরা হয়েছে।অন্যান্য উপহারের মধ্যে রয়েছে আসামের বিখ্যাত চা এবং কাশ্মীরের বিখ্যাত সুগন্ধী মশলা জাফরান। এছাড়া মহারাষ্ট্রের তৈরি একটি রুপার ঘোড়া এবং উত্তরপ্রদেশের আগ্রায় তৈরি একটি মার্বেল পাথরের দাবার সেটও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
এই উপহারগুলো মূলত ভারতের আঞ্চলিক ঐতিহ্য এবং কারুশিল্পকে তুলে ধরার চেষ্টা। ভারত এবং রাশিয়ার সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা বন্ধ করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। কিন্তু ভারত তার বাণিজ্যনীতিতে পরিবর্তন আনেনি এবং রাশিয়ার সঙ্গে তাদের আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অটুট রাখার বার্তা দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন