রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল কানাডা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০১:২৭ পিএম

সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল কানাডা

সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে কানাডা। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, ব্যাপক পর্যালোচনার পর এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে বিতর্কিত বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামকে (এইচটিএস) সন্ত্রাসী সত্তার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। টিআরটি ওয়ার্ল্ড এই খবর নিশ্চিত করেছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।

তারা উল্লেখ করেছে, স্থিতিশীলতা বৃদ্ধি, একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত গড়ে তোলা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্বব্যাপী অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।উল্লেখ্য, বাশার আল-আসাদ যখন ক্ষমতায় ছিলেন, তখন ২০১২ সালে সিরিয়াকে এই তালিকায় রাখা হয়েছিল। সে সময় দেশটি ২০১১ সালের মার্চে শুরু হওয়া এক ভয়াবহ সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছিল, যে সংঘাতে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয় এবং যুদ্ধ-পূর্ব ২ কোটি ৩০ লাখ জনসংখ্যার অর্ধেককে বাস্তুচ্যুত করে।

বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ দেশটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পুনরায় অন্তর্ভুক্ত করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নামও কানাডার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি সিরিয়ার রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরিবর্তনকে নির্দেশ করছে। এই বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রতিনিধিদল বৃহস্পতিবার সিরিয়া সফর করেছে।