ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:১৭ এএম
উত্তর কলম্বিয়ায় একটি স্কুলবাস পাহাড়ের খাদে পড়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২০ জন। বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্কসহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন বলে খবর দিয়েছে ডেইলি মেইল।
আজ রোববার অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান সামাজিকমাধ্যম এক্সে জানান, বাসটি লিসিও অ্যান্টিওকুয়েনো হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্কুল ভ্রমণ শেষে ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেডেলিনের দিকে যাচ্ছিল।
গভর্নর বলেন, শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে তাদের গ্র্যাজুয়েশন উদযাপন শেষে ফিরছিলেন। তিনি এই দুর্ঘটনাকে ডিসেম্বরের এমন সময়ে পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন।
স্থানীয় সংবাদমাধ্যম এল কলোম্বিয়ানো জানায়, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে রেমেদিওস ও সারাগোসা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়েছিল। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন।স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভ্রমণটি স্কুলের আনুষ্ঠানিক কার্যক্রম ছিল না; এটি শিক্ষার্থীরা নিজেরাই আয়োজন করেছিল।সেগোভিয়ার মেয়র এডউইন কাস্তানেদা জানান, আহতদের বয়স ১৬ থেকে ২৭ বছরের মধ্যে।
তাদের সেগোভিয়া ও রেমেদিওসের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেমেদিওসের সান ভিসেন্তে দে পল হাসপাতালে ভর্তি ১৬ জন আহতের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ১২ জন কিশোর।নিহতদের মধ্যে বাসচালক জনাতান তাবোর্দা কোকাকোলোও রয়েছেন। তিনি পর্যটন পরিবহন সংস্থা প্রিকালচারের হয়ে কাজ করতেন।লিসিও আনতিওকেনো হাই স্কুল এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহত শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন