সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গাজায় ধ্বংসস্তূপ থেকে ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ১০:১৪ এএম

গাজায় ধ্বংসস্তূপ থেকে ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

ছবি - সংগৃহীত

গাজা উপত্যকায় যুদ্ধবিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে আরও ৯৪ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া মরদেহগুলো গাজা সিটি থেকে উদ্ধার করার পর প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর মরদেহগুলো দেইর আল বালাহ এলাকায় দাফন করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

২০২৩ সালের অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গাজার অসংখ্য বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি এখনো সেসব ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স জানিয়েছে তারা স্বাস্থ্য ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে অস্থায়ীভাবে সমাহিত হাজার হাজার মরদেহ গাজার বিভিন্ন স্থায়ী কবরস্থানে স্থানান্তর করতে সক্ষম হয়েছে তারা।গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা প্রায় ৭০ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে।

এই বিশাল সংখ্যক নিহতের তালিকায় অধিকাংশ মানুষই নিরপরাধ নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন আরও প্রায় এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ। যদিও বর্তমানে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা রয়েছে তবুও বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর হামলার খবর পাওয়া যাচ্ছে যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।