বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভারতের শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ, কারণ কী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:২০ এএম

ভারতের শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ, কারণ কী

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের হোটেল মালিকরা বাংলাদেশের নাগরিকদের কাছে আর কক্ষ ভাড়া না দেয়ার কঠোর ঘোষণা দিয়েছেন। দেশটির সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে যে শহরের হোটেল মালিকদের সংগঠন দেশের স্বার্থে এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে।

যদিও এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছেন মালিকদের একাংশ এবং পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তবুও তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন।

এর আগে সেখানে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের পর ভিসা অফিসও বন্ধ করে দেয়া হয়েছিল যা দুই দেশের মানুষের স্বাভাবিক যাতায়াতে বড় ধরনের প্রভাব ফেলছে।

বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে সংগঠনের আওতাভুক্ত শহরের প্রায় ১৮০টি হোটেল এই নিষেধাজ্ঞা এখন থেকে কঠোরভাবে মেনে চলবে। সংগঠনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ গণমাধ্যমকে জানিয়েছেন যে গত বছরের ডিসেম্বরেই তারা প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সে সময় মানবিক দিক বিবেচনা করে শিক্ষার্থী ও চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা দেখানো হয়েছিল এবং থাকার সুযোগ দেওয়া হতো।

কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এখন থেকে আর কোনো বাংলাদেশিকেই তারা হোটেলে থাকার অনুমতি দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।এই আকস্মিক সিদ্ধান্তের কারণ হিসেবে ওই নেতা উল্লেখ করেছেন যে বাংলাদেশে কথিত সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের প্রতিবাদেই তারা এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

শিলিগুড়ি মূলত উত্তরবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট এবং বানিজ্যিক কেন্দ্র যেখানে প্রতিবছর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ চিকিৎসা পর্যটন ও শিক্ষার প্রয়োজনে যাতায়াত করে থাকেন। হঠাৎ করে এমন সিদ্ধান্তে চরম বিপাকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে যারা চিকিৎসার জন্য বা নিছক ভ্রমণে সেখানে যাওয়ার পরিকল্পনা করছিলেন। রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার মাঝে সাধারণ নাগরিকদের এমন ভোগান্তি দুই দেশের মানুষের সম্পর্কের ক্ষেত্রে নতুন জটিলতা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।