বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হিন্দু যুবক হত্যাকাণ্ড নিয়ে ভারতের উদ্বেগ, যা বললেন জয়সওয়াল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৭:৪৯ পিএম

হিন্দু যুবক হত্যাকাণ্ড নিয়ে ভারতের উদ্বেগ, যা বললেন জয়সওয়াল

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং ময়মনসিংহে এক হিন্দু যুবকের হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। শুক্রবার (২৬ ডিসেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে চলমান বিদ্বেষমূলক কর্মকাণ্ড দিল্লির জন্য চিন্তার বিষয় এবং এসব ঘটনাকে কেবল ‘মিডিয়ার বাড়াবাড়ি’ বা ‘রাজনৈতিক সহিংসতা’ বলে উড়িয়ে দেওয়া যাবে না।

রণধীর জয়সওয়াল তাঁর বক্তব্যে ময়মনসিংহের ওই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, গত কয়েক দিনের ঘটনাবলি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন।

অন্যদিকে, রাজবাড়ীর পাংশায় গত বুধবার রাতে গণপিটুনিতে অমৃত মন্ডল ওরফে সম্রাট নামের এক হিন্দু যুবকের নিহতের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হামলার দাবি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়; বরং চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সৃষ্ট সহিংস পরিস্থিতি। পুলিশ জানিয়েছে, নিহত অমৃত মন্ডল একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন এবং তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

সাম্প্রতিক সময়ে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতায় উপ-দূতাবাস ঘিরে বিজেপি ও বিভিন্ন কট্টরপন্থী সংগঠনের বিক্ষোভ এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহের ঘটনায় ঢাকা ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থান ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহে কূটনৈতিক মহলে টানটান উত্তেজনা বিরাজ করছে।