বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়াকে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৩:৫৩ পিএম

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়াকে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তিনি হাইকমিশনে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

হাইকমিশন পরিদর্শনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে রাজনাথ সিং বলেন, তিনি বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

একই সঙ্গে তিনি প্রয়াত নেত্রীর পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এর আগে, গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানাজায় শরিক হওয়ার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি শোকবার্তা তাঁর হাতে তুলে দেন।রাজনাথ সিংয়ের এই সফরটি কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, মাত্র কয়েক দিন আগেই (২৩ ডিসেম্বর) হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের ডাকে দিল্লির বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হয়েছিল।

এরও আগে ২০ ডিসেম্বর রাতে হাইকমিশনের সামনে হুমকিমূলক স্লোগান দেওয়া হয়, যা নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল।এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ভারতের সিনিয়র মন্ত্রী হিসেবে রাজনাথ সিংয়ের হাইকমিশনে যাওয়া এবং শোক প্রকাশ করাকে সম্পর্ক স্বাভাবিক রাখার একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।