জানুয়ারি ৩, ২০২৬, ১০:৩৫ এএম
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বেআইনি হুমকির’ তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে তেহরান। শুক্রবার জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি এই চিঠি পাঠান।
সম্প্রতি ইরানে চলমান বিক্ষোভ দমনে সহিংসতা চালানো হলে কঠোর হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প, যাকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে ইরান।
রাষ্ট্রদূত ইরাভানি তার চিঠিতে ট্রাম্পের বক্তব্যকে ‘বেপরোয়া ও উস্কানিমূলক’ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে সোচ্চার হতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানান।
চিঠিতে বলা হয়, অভ্যন্তরীণ অস্থিরতাকে পুঁজি করে বাইরের চাপ সৃষ্টি বা সামরিক হস্তক্ষেপের যেকোনো চেষ্টা ইরানের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার চরম পরিপন্থী। ইরান তার দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে বলেও চিঠিতে স্পষ্ট করা হয়েছে।
ইরান আরও হুঁশিয়ারি দিয়েছে যে, ট্রাম্পের এই অবৈধ হুমকির ফলে সৃষ্ট যেকোনো উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত পরিণতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ দায়ী থাকবে। উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরে ইরানে ব্যাপক বিক্ষোভ চলছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হস্তক্ষেপের ইঙ্গিত আসায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন