মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন করার ঘোষণা এসটিসির

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ১১:০৫ এএম

ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন করার ঘোষণা এসটিসির

দীর্ঘ গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেনে বিভক্তির নতুন সুর চড়া হচ্ছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে উত্তরাঞ্চল থেকে আলাদা করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামী দুই বছরের মধ্যে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)।

শুক্রবার এক টেলিভিশন ভাষণে এসটিসি সভাপতি আইদারোস আলজুবিদি এই ঘোষণা দেন। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় সংলাপ না হলে বা দক্ষিণাঞ্চল কোনো আক্রমণের শিকার হলে তারা ‘অবিলম্বে’ স্বাধীনতা ঘোষণা করবে।

সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি-র এই ঘোষণার মধ্যেই সৌদি আরবের সীমান্তবর্তী হাদরামাউত প্রদেশে তীব্র লড়াই শুরু হয়েছে।

শুক্রবার সেখানে এসটিসি-র যোদ্ধা ও অবকাঠামো লক্ষ্য করে সৌদি বাহিনী বিমান হামলা চালালে অন্তত ৭ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। এসটিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, আল-খাশার একটি শিবিরে অন্তত সাতবার বিমান হামলা চালানো হয়েছে। সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে আমিরাত সমর্থিত এসটিসি-র এই সংঘাত উপসাগরীয় শক্তিগুলোর মধ্যে বড় ধরনের কূটনৈতিক ও সামরিক দ্বন্দ্বের সূত্রপাত করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর থেকেই ইয়েমেনে অস্থিরতা চলছে। বর্তমানে উত্তরাঞ্চল হুথিদের নিয়ন্ত্রণে থাকলেও দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল (ওয়াইপিসি)। তবে দক্ষিণাঞ্চলেই এখন এসটিসি-র এই স্বাধীনতার ডাক দেশটিকে সম্পূর্ণ নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইয়েমেন মূলত উত্তর ও দক্ষিণ—এই দুই ভাগে স্থায়ীভাবে বিভক্ত হওয়ার পথে রয়েছে।