জানুয়ারি ৩, ২০২৬, ১১:৫১ এএম
২০২৬ সালের প্রথম দিনেই নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে বড় ধরনের পরিবর্তন আনলেন জোহরান মামদানি। শপথ গ্রহণের পরপরই তিনি তার পূর্বসূরী এরিক অ্যাডামসের জারি করা একাধিক বিতর্কিত নির্বাহী আদেশ বাতিল করেছেন।
যার মধ্যে ইসরায়েলকে বয়কট বা বিনিয়োগ প্রত্যাহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত রয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, মামদানির এই পদক্ষেপ নিউ ইয়র্কের স্থানীয় রাজনীতি ও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জারি করা নতুন নির্বাহী আদেশ অনুসারে, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এরিক অ্যাডামসের স্বাক্ষরিত সকল নির্দেশিকা বাতিল করা হয়েছে।
এর ফলে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন সংস্থাকে ইসরায়েল থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়া বা পণ্য বয়কট করা থেকে বিরত থাকার যে আইনি বাধ্যবাধকতা ছিল, তা কার্যকরভাবে উঠে গেল। তবে নতুন মেয়র স্পষ্ট করেছেন যে, পূর্ববর্তী প্রশাসনের তৈরি করা ইহুদি-বিদ্বেষ প্রতিরোধ অফিস (Office to Prevent Antisemitism) বাতিল করা হয়নি এবং এটি তার কার্যক্রম চালিয়ে যাবে।
মামদানির এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তারা মামদানিকে ‘ইহুদি-বিদ্বেষ’ উসকে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে। অন্যদিকে, ফিলিস্তিনপন্থি ও নাগরিক অধিকারকর্মীরা এই পদক্ষেপকে বাকস্বাধীনতা ও নৈতিক বিনিয়োগের বিজয় হিসেবে দেখছেন। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুতেই এমন সাহসী সিদ্ধান্ত মামদানির আগামীর রাজনৈতিক অবস্থানকেই স্পষ্ট করল বলে মনে করছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন