বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভেনেজুয়েলা থেকে তেল আনার ঘোষণা ট্রাম্পের

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ১০:৪৪ এএম

ভেনেজুয়েলা থেকে তেল আনার ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলা থেকে বড় অংকের জ্বালানি তেল আমদানির ঘোষণা দিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে ৩০ থেকে ৫০ মিলিয়ন (৩ থেকে ৫ কোটি) ব্যারেল উচ্চমানের তেল সরবরাহ করবে।

আমদানির পর এই তেল মার্কিন বাজারে বাজারমূল্যে বিক্রি করা হবে এবং সেই অর্থ ট্রাম্প নিজেই নিয়ন্ত্রণ করবেন বলে জানিয়েছেন।

তিনি দাবি করেন, এই অর্থ ভেনেজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে ব্যবহার করা হবে। ভেনেজুয়েলার সাবেক ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরই ট্রাম্পের এই ঘোষণা এলো।

ট্রাম্প ইতিমধ্যে তার জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তেলের এই চালান জাহাজে করে সরাসরি যুক্তরাষ্ট্রে পৌঁছাবে। এদিকে মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, এই ঐতিহাসিক জ্বালানি চুক্তি নিয়ে আলোচনার জন্য শীর্ষ মার্কিন পেট্রোলিয়াম কোম্পানিগুলোর প্রতিনিধিরা চলতি সপ্তাহেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে সরাসরি প্রভাব ফেলতে চাইছেন ট্রাম্প।