বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ১০:৫১ এএম

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া এখন আরও ব্যয়বহুল ও জটিল হতে চলেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ করা 'ভিসা বন্ড' তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের নাম।

নতুন এই নিয়ম অনুযায়ী, পর্যটন বা ব্যবসার উদ্দেশ্যে (B1/B2 ভিসা) আবেদনকারীদের ওপর কনস্যুলার কর্মকর্তা চাইলে ৫ হাজার, ১০ হাজার বা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত বা বন্ড আরোপ করতে পারবেন। আগামী ২১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।

আবেদনকারীর সাক্ষাৎকার ও ব্যক্তিগত প্রোফাইলের ওপর ভিত্তি করে বন্ডের টাকার পরিমাণ নির্ধারিত হবে এবং এই অর্থ অনলাইন প্ল্যাটফর্ম Pay.gov–এর মাধ্যমে জমা দিতে হবে।

তবে এটি একটি ফেরতযোগ্য জামানত; অর্থাৎ ভিসাধারী যদি মেয়াদের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন বা ভিসা পেয়েও না যান, তবে টাকা ফেরত পাবেন। কিন্তু নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে বা স্ট্যাটাস পরিবর্তনের চেষ্টা করলে পুরো অর্থ বাজেয়াপ্ত হবে। এছাড়াও বন্ড প্রদানকারী বাংলাদেশিদের প্রবেশের জন্য বোস্টন লোগান, নিউইয়র্কের জন এফ কেনেডি (JFK) এবং ওয়াশিংটন ডুলস—এই তিনটি বিমানবন্দর সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

মূলত ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান করার প্রবণতা কমিয়ে আনতেই এই কঠোর পাইলট কর্মসূচি হাতে নিয়েছে মার্কিন প্রশাসন। এর ফলে সাধারণ পর্যটকদের ওপর বড় ধরণের আর্থিক চাপ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।