জানুয়ারি ১২, ২০২৬, ০৪:৫৩ পিএম
ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র-নির্মিত অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন 'রাশিয়া-১'-এ সম্প্রচারিত এক সাক্ষাৎকারে রুশ কমান্ডার 'সেভার' এই দাবি করেন। তিনি জানান, মার্কিন এই যুদ্ধবিমানটি ধ্বংস করা তাঁর ইউনিটের জন্য সবচেয়ে আকর্ষণীয় লক্ষ্যবস্তু বা টার্গেট ছিল।
কমান্ডার সেভারের ভাষ্যমতে, এফ-১৬ বিমানটি লক্ষ্য করে তাঁর ব্যাটারি থেকে পরপর দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
প্রথমটি বিমানটিকে ক্ষতিগ্রস্ত করে এবং দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি চূড়ান্ত আঘাত হেনে সেটিকে ভূপাতিত করে। তিনি আরও বলেন, শত্রুরা গর্ব করে বলেছিল এই বিমানগুলো ধ্বংস হওয়ার নয়, কিন্তু দেখা যাচ্ছে অন্যগুলোর মতোই আকাশ থেকে ওটা খসে পড়েছে।
তবে এই অভিযানটি ঠিক কবে এবং কোথায় পরিচালিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত সময়সীমা প্রকাশ করেননি তিনি।এদিকে, আকাশপথের এই উত্তেজনার মধ্যেই রাশিয়ার ভেতরে বড় ধরণের হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভ বাহিনী কাস্পিয়ান সাগরে অবস্থিত রাশিয়ার তিনটি তেল উত্তোলন স্থাপনায় সফল হামলা চালানোর দাবি করেছে।
এর পাশাপাশি রাশিয়ার ভোরোনেজ শহরেও ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। ভোরোনেজের গভর্নর আলেক্সান্ডার গুসেভ জানিয়েছেন, ড্রোনের আঘাতে এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। কাস্পিয়ান সাগরের তেল স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো খতিয়ে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন