অক্টোবর ৭, ২০২৬, ০৮:৫১ পিএম
ভারতের রাজধানী দিল্লির নিউ সীমাপুরি এলাকায় একটি বহুতল আবাসিক ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে নিউ সীমাপুরি এলাকার ঈদগাহ মাছলি মান্ডির কাছে অবস্থিত ভবনটি হঠাৎ ধসে পড়ে। ঘটনার পরপরই আটকে পড়াদের সন্ধানে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় থেকে সাতজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো মৃত্যুর খবর নিশ্চিত করা যায়নি।
আম আদমি পার্টির স্থানীয় বিধায়ক বীর সিং ধিংগান জানিয়েছেন, ভেঙে পড়া কাঠামোর নিচে এখনো অন্তত ছয় থেকে সাতজন মানুষ আটকা পড়ে থাকতে পারেন।
তিনি উল্লেখ করেন, বুধবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে ভবন ধসের খবর জানতে পারেন তিনি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ধসে পড়া পাঁচ থেকে ছয়তলা ভবনটি খুব বেশি পুরোনো নয়; এটি মাত্র এক থেকে দুই বছর আগে নির্মাণ করা হয়েছিল। দিল্লির আবাসিক এলাকায় ভবন ধসের ঘটনা এটিই প্রথম নয়।
এর আগে প্রায় এক মাস পূর্বে দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা ভবন হঠাৎ ধসে পড়েছিল। শিক্ষার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত হওয়া সেই ভবন দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন