বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

ভূমিকম্পে কাঁপল ভারতের উত্তরাখণ্ড রাজধানী দিল্লিতেও কম্পন

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৯:৫০ এএম

ভূমিকম্পে কাঁপল ভারতের উত্তরাখণ্ড রাজধানী দিল্লিতেও কম্পন

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাখণ্ড রাজ্য। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। চামোলি এলাকায় আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। এর রেশ রাজধানী নয়াদিল্লিসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ মাটি কেঁপে ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

ভারতের ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ১০টা ৪০ মিনিটের দিকে ঘটনাটির তথ্য নিশ্চিত করা হয়। রাতে ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিজ্ঞতা তুলে ধরে পোস্ট দিতে থাকেন। একই সঙ্গে যোগাযোগমাধ্যমে ভূকম্পনের পরিস্থিতি ঘিরে নানা ধরনের কৌতুকপূর্ণ পোস্ট ও মিম শেয়ারের প্রবণতাও চোখে পড়ে।

এর আগে একই দিনে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামেও আঘাত হানে আরেকটি ভূমিকম্প। ভোর সোয়া চারটার দিকে আসামের নগাঁও জেলায় ৪ দশমিক ৫ মাত্রার কম্পনটি রেকর্ড করা হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যমতে, এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে। তবে দুটি ঘটনাতেই তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের নিশ্চিত খবর পাওয়া যায়নি।