বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, পররাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৬:০১ পিএম

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, পররাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক হস্তক্ষেপের হুমকির মুখে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (১২ জানুয়ারি) তেহরানে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান একদিকে যেমন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।

তেমনি সম্মানের ভিত্তিতে আলোচনার পথও খোলা রাখতে চায়। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরাঘচি বলেন, ইরান যুদ্ধ কাম্য মনে করে না, তবে আত্মরক্ষায় আমরা কোনো ছাড় দেব না। আলোচনার দরজা বন্ধ নয়, তবে সেই আলোচনা হতে হবে ন্যায্য, সমতার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মানের মাধ্যমে।

 মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন যে তেহরান ওয়াশিংটনের সাথে সংলাপ করতে মরিয়া। ট্রাম্পের এই দাবির প্রেক্ষাপটেই ইরানের পক্ষ থেকে এই ভারসাম্যপূর্ণ অবস্থান স্পষ্ট করা হলো।দেশের অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান অস্থিরতাকে ‘সহিংস ও রক্তক্ষয়ী’ রূপ দেওয়া হচ্ছে বিদেশি হস্তক্ষেপের অজুহাত তৈরির জন্য। তিনি অভিযোগ করেন, ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির সুযোগ নিয়ে ‘সন্ত্রাসীরা’ বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনী—উভয়ের ওপর হামলা চালাচ্ছে।

ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের কাছে বিক্ষোভকারীদের মধ্যে অস্ত্র বিতরণের ভিডিও ফুটেজ রয়েছে এবং শীঘ্রই আটককৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রকাশ করা হবে।মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-র মতে, বিক্ষোভে এ পর্যন্ত ৫৩৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সরকার কেবল নিহত ১০৯ জন নিরাপত্তা সদস্যের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। তবে ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা অসম্ভব হয়ে পড়েছে।