বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৬:২০ পিএম

ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ছবি - সংগৃহীত

ইরানে চলমান সহিংস বিক্ষোভ ও দাঙ্গায় বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। সোমবার (১২ জানুয়ারি) বার্তাসংস্থা তাসনিম এই শোক পালনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, দেশজুড়ে সরকারবিরোধী ও ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ নেতৃত্বে সংঘটিত সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মন্ত্রিসভা এই শোক পালন করছেন। 

সরকার নিহতদের ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে সাধারণ নাগরিক ছাড়াও নিরাপত্তা বাহিনীর সদস্য, বাসিজ স্বেচ্ছাসেবক এবং পুলিশ সদস্যরাও রয়েছেন। ইরান সরকার এই সহিংসতাকে নজিরবিহীন ও ‘দায়েশ’ (আইএস)-এর মতো বর্বর কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে।

শোক ঘোষণার পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক আশাব্যঞ্জক তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, সরকার নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করতে কাজ করছে। দূতাবাস ও সরকারি মন্ত্রণালয়গুলোতে ইতিমধ্যেই সংযোগ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আরাগচি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানিমূলক বক্তব্য বিক্ষোভকে আরও সহিংস করে তুলছে।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, গত দুই সপ্তাহে চলমান এই বিক্ষোভে নিহতের সংখ্যা ৫ শ ছাড়িয়েছে, যদিও সরকারিভাবে নিহতের সংখ্যা নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া হয়নি। সহিংসতায় জড়িত ‘দাঙ্গাবাজদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি সরকার অর্থনৈতিক সংকট নিরসনেও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।