বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

আমেরিকার হুমকি, ইরানের পাল্টা হুঁশিয়ারি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ১০:০৬ এএম

আমেরিকার হুমকি, ইরানের পাল্টা হুঁশিয়ারি

ছবি - সংগৃহীত

ইরানে অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন নজিরবিহীন সহিংসতা ও আন্তর্জাতিক ভূ-রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকির মুখে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

 সোমবার (১২ জানুয়ারি) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যেকোনো যুদ্ধের জন্য যেমন সম্পূর্ণ প্রস্তুত, তেমনি ন্যায্য সংলাপের পথও খোলা রেখেছে।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআরএনজিও) জানিয়েছে, বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগে এখন পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনই শিশু। অন্যদিকে, বিক্ষোভকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন শতাধিক নিরাপত্তা সদস্য। 

এই উত্তেজনার মধ্যেই গতকাল তেহরানসহ বড় বড় শহরগুলোতে সরকারের সমর্থনে রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ। ইরান সরকার এই জনসমুদ্রকে ‘শত্রুর ষড়যন্ত্রের মুখে জাতীয় ঐক্যের প্রমাণ’ হিসেবে বর্ণনা করেছে।মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তার হাতে ইরানের জন্য ‘শক্তিশালী বিকল্প’ রয়েছে এবং মার্কিন বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ট্রাম্প মূলত সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির জন্য সহিংসতাকে উসকে দিচ্ছেন।

 তবে এই কঠিন সময়ে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী এবং তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সমর্থন জানাচ্ছে।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন অব্যাহত থাকলে তারা ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। বর্তমানে দেশটিতে কয়েক দিনের ইন্টারনেট ব্ল্যাকআউট শেষে পরিষেবা পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্যমতে, এই বিক্ষোভ ৩১টি প্রদেশের ১৮৬টি শহরে ছড়িয়ে পড়েছে এবং অন্তত ১০ হাজার ৬০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।