বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গাজায় ইসরাইলি হামলায় নিহত ১০

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ১০:২৫ এএম

গাজায় ইসরাইলি হামলায় নিহত ১০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা যখন দ্বিতীয় ধাপে প্রবেশ করতে যাচ্ছে ঠিক তখনই নতুন করে রক্তক্ষয়ী হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে গাজার বিভিন্ন স্থানে চালানো এই হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও বার্তা সংস্থা ওয়াফা। 

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে তাদের এই বিশেষ অভিযানে হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডের একজন গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হয়েছেন। তবে এই হামলার পর উপত্যকায় চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ এবং ট্রাম্পের মধ্যস্থতায় চলা শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইসরাইলি যুদ্ধবিমানগুলো বৃহস্পতিবার সন্ধ্যায় দেইর এল-বালাহ শহরের দুটি আবাসিক বাড়িতে ভয়াবহ বোমা হামলা চালায়। 

এতে একই পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ মোট ছয়জন নিহত হন যাদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দাবি এই হামলাটি ছিল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো একটি অভিযান যাতে কাসেম ব্রিগেডের সিনিয়র কমান্ডার মুহাম্মদ আল-হাওলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামাসের পক্ষ থেকে ওসমান হামদান আল-হাওলির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একে একটি জঘন্য অপরাধ এবং যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন।

গাজা উপত্যকার অন্যান্য স্থানেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। আল জাজিরার খবর অনুযায়ী দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিমে আল-আলম চৌরাস্তার কাছে সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে আল-নাবলুসি জংশনের কাছে একটি পুলিশ পোস্টে চালানো হামলায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে ড্রোন হামলায় আরও দুই ফিলিস্তিনি প্রাণ হারান। 

সব মিলিয়ে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত গাজাজুড়ে ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা দশে দাঁড়িয়েছে এবং বহু মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবারই ঘোষণা করেছিলেন যে গাজায় শান্তি ফেরাতে তাদের ২০ দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপের মূল লক্ষ্য ছিল হামাসকে নিরস্ত্রীকরণ এবং একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে গাজার প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করা।

 কিন্তু মাঠ পর্যায়ের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। হামাস এই হামলাকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শান্তি বিরোধী অবস্থান হিসেবে দেখছে। তারা অভিযোগ করেছে যে ইসরাইল ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়িয়ে শান্তি আলোচনা ব্যাহত করার চেষ্টা করছে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে গাজায় স্থিতিশীলতা আসার পরিবর্তে সংঘর্ষ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।