রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

ইরানে হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:০৪ পিএম

ইরানে হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক

ইরান অভিমুখে মার্কিন বিশাল রণতরির বহর বা ‘আর্মাডা’ এগিয়ে যাওয়ার ঘোষণার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাতঙ্ক ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কড়া বার্তার পর সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা। 

কেএলএম (KLM), লুফথানসা ও এয়ার ফ্রান্সের মতো বড় এয়ারলাইন্সগুলো নিরাপত্তার স্বার্থে এই অঞ্চলে তাদের পরিষেবা সাময়িকভাবে স্থগিত করেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফ্লাইট বাতিলের এই হিড়িকের কারণে দুবাই, রিয়াদ এবং ইসরাইলের তেলআবিবের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর বিমান যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এয়ার ফ্রান্স এক আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে অন্তত ২৩ ও ২৪ জুলাই তাদের দুবাইগামী কোনো ফ্লাইট চলবে না। 

অন্যদিকে, কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইনস দুবাই, সৌদি আরবের রিয়াদ, দাম্মাম এবং ইসরাইলের তেলআবিবে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।বিমান সংস্থাগুলো জানিয়েছে, তারা এখন ইরান, ইরাক ও ইসরাইলসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশের আকাশসীমা সম্পূর্ণ এড়িয়ে চলছে। হামলার আশঙ্কায় ইউনাইটেড এয়ারওয়েজ এবং এয়ার কানাডাও ইসরাইলে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। উল্লেখ্য যে, সম্প্রতি ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছিলেন, একটি অত্যন্ত শক্তিশালী মার্কিন রণতরি বহর ইরানের দিকে যাত্রা করেছে। শুরুতে সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হলেও প্রেসিডেন্টের এই নতুন অবস্থান উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরান অভ্যন্তরীণ বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত করার ঘোষণা দিলেও ওয়াশিংটনের সামরিক পরিকল্পনায় এর কোনো প্রভাব পড়েনি। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও সতর্ক করেছেন যে, ইসরাইল এখন ইরানে হামলার বড় সুযোগ খুঁজছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে ধস নামার আশঙ্কা করা হচ্ছে।