জানুয়ারি ২৫, ২০২৬, ১১:২১ এএম
ভারতের মহারাষ্ট্র রাজ্যের হজ কমিটির প্রধান হিসেবে একজন অমুসলিম সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। গত ১৪ জানুয়ারি রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার মনোজ যাদভ নামে এক অমুসলিম কর্মকর্তাকে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করে।
হজের মতো বিশুদ্ধ ধর্মীয় আচার তদারক করার দায়িত্বে একজন অমুসলিমকে নিয়োগ দেওয়াকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং প্রশাসনিক অনধিকার চর্চা হিসেবে দেখছেন ভারতীয় মুসলমানরা।
ভারতীয় মুসলমানদের পারিবারিক আইন ও অধিকার সুরক্ষা বিষয়ক শীর্ষ সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড এই নিয়োগের তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে যে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করবে এবং খুব শীঘ্রই বোম্বে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করবে।
মুসলিম নেতাদের মতে মহারাষ্ট্রের হজ কমিটির মাধ্যমে হাজার হাজার মানুষের পবিত্র হজ পালনের কারিগরি ও ধর্মীয় বিষয়াদি পরিচালিত হয়। এমন একটি সংবেদনশীল কমিটির প্রধান হিসেবে একজন মুসলিম কর্মকর্তার থাকাটাই নৈতিক ও যুক্তিসঙ্গত।মহারাষ্ট্রের মুসলিম নেতারা অভিযোগ করেছেন যে এই নিয়োগের মাধ্যমে বর্তমান সরকার পরিকল্পিতভাবে মুসলমানদের ধর্মীয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে হজের মতো ধর্মীয় বিষয় তদারকির দায়িত্বে ভিন্ন ধর্মাবলম্বী কাউকে রাখা হলে তা দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাসের পরিবেশ তৈরি করবে এবং হজের ব্যবস্থাপনাগত জটিলতা বৃদ্ধি করবে।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজেপি সরকারের এই পদক্ষেপটি মহারাষ্ট্রের মুসলিম ভোটার ও সম্প্রদায়ের সাথে প্রশাসনের দূরত্ব আরও বাড়িয়ে দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়োগ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আন্দোলনকারীরা বলছেন হজ কমিটির আইন অনুযায়ী কমিটির বেশিরভাগ সদস্য ও নেতৃত্ব মুসলমানদের মধ্য থেকেই হওয়ার কথা। এই নিয়োগ প্রত্যাহার করা না হলে রাজপথে বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়েছেন স্থানীয় উলামায়ে কেরাম ও মুসলিম অধিকারকর্মীগণ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন