জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:৫২ পিএম
ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি ভারতকে ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হিসেবে অভিহিত করেছেন। আজ সোমবার (২৬ জানুয়ারি) ভারতের সংবিধান কার্যকরের ঐতিহাসিক দিনে এই বার্তাটি পাঠানো হয়।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কযুদ্ধের (Tariff War) চ্যালেঞ্জের মুখে শি জিনপিংয়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গত এক বছর ধরে এশীয় দুই পরাশক্তি—ভারত ও চীনের মধ্যে শীতল সম্পর্ক কাটিয়ে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, শি জিনপিং তাঁর বার্তায় সেটিরই প্রতিফলন ঘটিয়েছেন। তিনি মনে করেন, এই দুই বৃহৎ শক্তির সুস্থ সম্পর্ক বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুভেচ্ছা বার্তায় শি জিনপিং উদীয়মান শক্তি হিসেবে ভারতের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, উভয় দেশ একে অপরের উদ্বেগের বিষয়গুলো গুরুত্বের সাথে সমাধান করবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখবে।উল্লেখ্য, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার পর থেকে প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করা হয়।
আধুনিক ভারতের ইতিহাসে এটি সবচেয়ে গৌরবময় সাংবিধানিক দিন। এদিন দিল্লির রাজপথে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভারতীয়রা দিবসটি উদযাপন করছেন। বিশ্বনেতাদের শুভেচ্ছা বার্তার ভিড়ে বেইজিংয়ের এই ইতিবাচক বার্তাটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন