ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:১৬ এএম
দীর্ঘ বিরতি ও চরম উত্তেজনার পর অবশেষে বরফ গলতে শুরু করেছে ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের। ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত পরোক্ষ পারমাণবিক আলোচনাকে ‘ভালো সূচনা’ হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কয়েক ঘণ্টার নিবিড় পরামর্শ ও পরোক্ষ বৈঠকের পর তিনি জানান, একটি ইতিবাচক পরিবেশে এই সংলাপ শুরু হয়েছে এবং আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই প্রাথমিকভাবে একমত হয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। এছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারও প্রতিনিধিদলের সাথে যোগ দিয়েছিলেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আল বুসাইদির মধ্যস্থতায় দুই পক্ষ তাদের বার্তা ও উদ্বেগ আদান-প্রদান করেন।
আরাগচি বলেন, “আমরা আমাদের জনগণের স্বার্থ ও অধিকারের কথা স্পষ্টভাবে তুলে ধরেছি এবং অপর পক্ষের বক্তব্যও শুনেছি। এই আলোচনা কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা তেহরান ও ওয়াশিংটনের সাথে পরামর্শের পর চূড়ান্ত করা হবে।”
ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন যে, এই আলোচনা শুধুমাত্র পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ এবং অন্য কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলছে না ইরান। তবে গত আট মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ফলে তৈরি হওয়া গভীর অনাস্থা কাটিয়ে ওঠাই এখন প্রধান চ্যালেঞ্জ।
তিনি আরও যোগ করেন, একটি শান্ত ও হুমকিমুক্ত পরিবেশে আলোচনা এগিয়ে নিতে পারলেই কেবল নতুন সংলাপের স্থায়ী কাঠামো তৈরি করা সম্ভব। ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই প্রথম সরাসরি কোনো পর্যায়ের আলোচনার আভাস পাওয়ায় বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন