রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১২:৪৪ পিএম

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

তুরস্কে বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমান

তুরস্কে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে নিয়মিত প্রশিক্ষণ বা অভিযান পরিচালনার জন্য উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। মন্ত্রণালয় জানায়, বালিকেসির বিমান ঘাঁটি থেকে স্থানীয় সময় রাত ১২টা ৫৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করেছিল। 

উড্ডয়নের অল্প সময়ের ব্যবধানেই কন্ট্রোল রুমের সাথে বিমানটির রেডিও এবং ট্র্যাকিং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দ্রুত উদ্ধার অভিযান শুরু করলে বিমানটির ধ্বংসাবশেষ এবং পাইলটের নিথর দেহ উদ্ধার করা হয়।

তুর্কি কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে যে, দুর্ঘটনায় তাদের একজন দক্ষ পাইলট প্রাণ হারিয়েছেন। ইতিমধ্যে বিমান বিধ্বস্তে তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। প্রাথমিক অবস্থায় যান্ত্রিক ত্রুটির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

এর আগে গত বছরের নভেম্বরে আজারবাইজান থেকে ফেরার পথে একটি সি-১৩০ কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার পর তুরস্ক তাদের ওই মডেলের বিমানের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছিল। সেই দুর্ঘটনায় ২০ জন আরোহীর সবাই নিহত হয়েছিলেন।মার্কিন লকহিড মার্টিন প্রতিষ্ঠানের তৈরি এই এফ-১৬ বিমানটি সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে একাধিক দুর্ঘটনার কবলে পড়েছে। 

গত জানুয়ারিতে তাইওয়ানে নিয়মিত মহড়ার সময় একটি এফ-১৬ বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়। এ ছাড়া গত আগস্ট মাসে পোল্যান্ডে একটি এয়ার শোর মহড়া দেওয়ার সময় একই মডেলের বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলটের মৃত্যু হয়েছিল। তুরস্কে ঘটে যাওয়া এই সর্বশেষ দুর্ঘটনাটি আন্তর্জাতিক বিমান নিরাপত্তা ও এফ-১৬ বিমানের কারিগরি সক্ষমতা নিয়ে পুনরায় প্রশ্নের জন্ম দিয়েছে।