মার্চ ২, ২০২৬, ১০:২৫ পিএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে জঙ্গলের আইনের সঙ্গে তুলনা করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ফোন করে বেইজিংয়ের এই অবস্থানের কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন।
ওয়াং ই বলেন, চীন ও ইরানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বেইজিং অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।টেলিফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানাবে।
পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং সবসময় পাশে থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। ওয়াং ই অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে সতর্ক করেন যে, এই উত্তেজনা যেন আর বৃদ্ধি না পায়। সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি মনে করেন।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে আলাদা এক ফোনালাপে ওয়াং ই সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সনদের নীতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, তারা উদ্দেশ্যমূলকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা রাখতে চীন প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। চীনের পক্ষ থেকে বৈশ্বিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয় যে, কোনো পরাশক্তি শুধু সামরিক শ্রেষ্ঠত্বের দোহাই দিয়ে অন্য দেশের ওপর নির্বিচার হামলা চালাতে পারে না।
চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও জোর দিয়ে বলেন যে, ইরানের পারমাণবিক ইস্যুটিকে শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথেই ফিরিয়ে আনতে হবে। সামরিক শক্তি প্রয়োগ করে এই সংকটের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। চীন মনে করে, বিশ্ব আজ নতুন করে অস্থিরতার দিকে ঝুঁকে পড়ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এই পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনা ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনই শান্তি ফেরানোর একমাত্র পথ বলে বেইজিং বিশ্বাস করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন