মার্চ ৩, ২০২৬, ০৯:৩৭ এএম
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র বা আইআরআইবি লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করে একে ইরানি প্রপাগান্ডা মেশিনের হৃদপিণ্ডে আঘাত হিসেবে অভিহিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছে যে, তাদের যুদ্ধবিমানগুলো তেহরানে আইআরআইবি কমপ্লেক্সে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই হামলা পরিচালনা করেছে।
ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, এই কেন্দ্রটি ইরানি বিপ্লবী গার্ডের অন্যতম প্রধান শক্তিশালী ভিত্তি এবং তাদের ভাষায় এটি মিথ্যা ও নিপীড়নের যন্ত্রের কেন্দ্রস্থল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে কয়েক ডজন শক্তিশালী গোলাবারুদ ব্যবহার করে এই যোগাযোগ কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করা হয়েছে।
তারা মনে করছে, এই হামলার ফলে ইরান সরকারের প্রধান প্রচার ও যোগাযোগ ব্যবস্থার বড় ধরনের ক্ষতি হয়েছে। গতকালও তেহরানের বেশ কিছু সরকারি ভবনে একই ধরনের হামলার খবর পাওয়া গিয়েছিল।এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের প্রধান পেম্যান জেবেলি হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, তেহরানে তাদের সদর দপ্তরের অভ্যন্তরীণ প্রাঙ্গণের বেশ কিছু অংশে সরাসরি আঘাত হানা হয়েছে।
এর আগেও গত বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা সংঘাতের সময় এই সংবাদমাধ্যমটিকে লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েলি বাহিনী। বর্তমানে ইসরায়েলি বিমানবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নতুন করে আক্রমণ শুরু করেছে বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও নতুন মাত্রা পেতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন