বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ইরাকে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে ড্রোন হামলা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ১০:২৫ এএম

ইরাকে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে ড্রোন হামলা

মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার পরপরই এর দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এরবিলের একটি নির্দিষ্ট হোটেল লক্ষ্য করে এই ড্রোন হামলা চালিয়েছে, যেখানে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। 

তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।একই দিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, তাদের নৌবাহিনী দুবাইয়ে মার্কিন বাহিনীর ওপর একটি ‘জটিল সামরিক অভিযান’ পরিচালনা করেছে। 

আইআরজিসি দাবি করেছে যে, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে চালানো এই হামলাটি অত্যন্ত সুপরিকল্পিত ছিল। তবে দুবাইয়ের এই হামলা নিয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।দুবাই ছাড়াও কুয়েতের আরিফজান ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। আইআরজিসি এই হামলার বিষয়েও নিজেদের সক্ষমতার কথা প্রচার করেছে।

 মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে চ্যালেঞ্জ জানাতেই এই ধরনের ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে একযোগে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় এই হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। এই হামলার প্রেক্ষাপটে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।