মার্চ ৩, ২০২৬, ১০:৩৪ এএম
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। নেতানিয়াহু বলেন, এই যুদ্ধ বেশিদিন চালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। মূলত মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যেই এই অভিযান শুরু করা হয়েছে, যা আগে কল্পনা করা সম্ভব ছিল না।
তবে যুদ্ধ ঠিক কতদিন চলবে, সে সম্পর্কে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমার কথা উল্লেখ করেননি।সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে নেতানিয়াহু তাকে একজন স্পষ্টবাদী মানুষ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, ট্রাম্প দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং তার কথা ও কাজের মধ্যে মিল রয়েছে। যুদ্ধের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন যে, তারা একটি পরিবেশ তৈরি করছেন যেখানে ইরানের জনগণই তাদের সরকার বা রেজিম পরিবর্তনের সিদ্ধান্ত নেবে।
এর মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে, সামরিক অভিযানের অন্যতম উদ্দেশ্য হলো তেহরানের বর্তমান শাসনকাঠামোয় পরিবর্তন আনা।অন্যদিকে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানের সময়সীমা নিয়ে কিছুটা ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি মনে করেন, এই অভিযান আরও অন্তত চার সপ্তাহ ধরে চলতে পারে।
ট্রাম্প বলেন, ইরান একটি বিশাল দেশ হওয়ায় পুরো অভিযান শেষ করতে কিছুটা সময়ের প্রয়োজন। তবে দেশটি যত শক্তিশালীই হোক না কেন, তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করতে চার সপ্তাহের বেশি সময় লাগবে না বলে তিনি দাবি করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উন্নত প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ব্যবহার এই অভিযানকে নির্ভুল করতে সহায়তা করছে বলে সংশ্লিষ্ট সামরিক সূত্রগুলো মনে করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন