মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,

দীর্ঘমেয়াদি যুদ্ধের সক্ষমতা রয়েছে আমাদের: ইরান

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৪, ২০২৬, ১০:০৯ এএম

দীর্ঘমেয়াদি যুদ্ধের সক্ষমতা রয়েছে আমাদের: ইরান

ইরানের সামরিক প্রস্তুতি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালানোর পূর্ণ প্রস্তুতি ও সক্ষমতা রয়েছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে তারা যেকোনো ধরনের দীর্ঘমেয়াদি সংঘাত মোকাবিলা করতে সক্ষম। একই সঙ্গে দেশটি এক হুঁশিয়ারিতে জানিয়েছে, তাদের সবচেয়ে উন্নত ও শক্তিশালী অস্ত্রভাণ্ডার এখনো যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয়নি। 

মূলত কৌশলগত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে।ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক মঙ্গলবার তেহরানে এক প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন। 

তিনি বলেন, বর্তমানে তাদের ওপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, সেখানে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ে তোলা এবং একই সঙ্গে আক্রমণাত্মক প্রতিরক্ষা অব্যাহত রাখার সামর্থ্য ইরানের রয়েছে। তালাই-নিক আরও উল্লেখ করেন, যুদ্ধের শুরুর দিনগুলোতেই সব ধরনের উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার না করা তাদের একটি সুনির্দিষ্ট সমরকৌশল। 

অর্থাৎ পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা পর্যায়ক্রমে তাদের উন্নত প্রযুক্তির অস্ত্রগুলো মোতায়েন করবে।মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটের মধ্যে চলমান উত্তেজনা যখন চরম পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই তেহরানের পক্ষ থেকে এমন কড়া বার্তা এলো। গত কয়েক দিনের সংঘাতে উভয় পক্ষই একে অপরের সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে।

ইরান দাবি করছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আগের চেয়ে অনেক বেশি উন্নত। বিশ্লেষকদের মতে, ইরানের এই দাবি মূলত তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন এবং প্রতিপক্ষকে একটি মনস্তাত্ত্বিক চাপের মুখে রাখার প্রচেষ্টা। তবে এই দীর্ঘস্থায়ী যুদ্ধের হুমকি এই অঞ্চলে আরও অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।