বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,

দুবাই বিমানবন্দরে আংশিক বিমান চলাচল শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৭, ২০২৬, ০৪:১৬ পিএম

দুবাই বিমানবন্দরে আংশিক বিমান চলাচল শুরু হয়েছে

বিমান চলাচল শুরু

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্থবির হয়ে থাকা বিমান চলাচলে কিছুটা গতি ফিরতে শুরু করেছে। শনিবার দুপুরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আংশিকভাবে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি বিশেষ সতর্কবার্তা জারি করেছে। তারা জানিয়েছে, যাত্রীরা যেন তাদের টিকিটের বুকিং নিশ্চিত না করে বিমানবন্দরে না আসেন। 

কারণ যুদ্ধকালীন পরিস্থিতির ওপর ভিত্তি করে ফ্লাইটের সময়সূচি যেকোনো সময় পরিবর্তন হতে পারে। এয়ারলাইন্সগুলো নিয়মিত তাদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ আপডেট দিয়ে যাচ্ছে।

অন্যদিকে যুদ্ধের এক সপ্তাহ পূর্ণ হওয়ার পর কাতারও প্রথমবারের মতো সীমিত আকারে আকাশপথ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে যে, আটকে পড়া মানুষদের সরিয়ে নেওয়া এবং জরুরি কার্গো বা রসদবাহী বিমান চলাচলের জন্য আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়া হবে। 

মূলত মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন দেশে আটকা পড়া যাত্রীদের নিজ দেশে ফেরার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাধারণ বাণিজ্যিক ফ্লাইটগুলো এখনো নিয়মিত সূচিতে ফিরে আসেনি।সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিলেও পরিস্থিতির পুরোপুরি উত্তরণ ঘটেনি। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো জানিয়েছে, আকাশপথে ঝুঁকির মাত্রা এখনো বিদ্যমান থাকায় তারা অত্যন্ত সতর্কতার সাথে ফ্লাইট পরিচালনা করছে। 

বিশেষ করে মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে যাতায়াতকারী দীর্ঘ পাল্লার আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ক্ষেত্রে নতুন রুট ম্যাপ অনুসরণ করা হচ্ছে। আকাশপথের এই অস্থিরতার কারণে ট্রাভেল এজেন্টরা যাত্রীদের ফ্লাইটের বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা কল সেন্টারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা বজায় থাকার আশঙ্কা করা হচ্ছে।